নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গুমাই নদীতে ট্রলার ডুবে কমপক্ষে নয়জনের মৃত্যু হয়েছে। এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে।
বুধবার সকালে এই ট্রলারডুবির ঘটনা ঘটে। স্থানীয়রা নয়জনের মরদেহ উদ্ধার করতে সমর্থ হয়। নিহতরা সবাই নারী ও শিশু।
কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা নয়জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।
জানা গেছে, সুনামগঞ্জের ধরমপাশার মধ্যনগর বাজার থেকে ৫০-৬০ জন যাত্রী নিয়ে ট্রলারটি নেত্রকোনার ঠাকুরকোনার উদ্দেশে সকাল ১০টার দিকে রওনা হয়। কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের রাজনগর এলাকায় গুমাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।
