বরিশালে শাপলা বিলের সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ১২:১৯ এএম

বরিশালে বর্ণিল শাপলার সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা। প্রতিদিন বিস্তীর্ণ বিলে ফুটে থাকে লাল, সাদা আর নীল শাপলা। ভরা মৌসুমে প্রাণ ফিরেছে বরিশালের শাপলা বিলে। শাপলার সৌন্দর্য উপভোগ করার জন্য দূর-দূরান্ত থেকে পর্যটকরা ভিড় জমাচ্ছেন বিলের জলে শাপলার সঙ্গে। তবে সড়কের ভোগান্তিতে বিপর্যন্ত দর্শনার্থীরা।

বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা এলাকায় বিস্তীর্ণ বিলের নান্দনিক শাপলা দেখার জন্য প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছেন। তবে জেলা শহর এবং মহাসড়ক দিয়ে সাতলার এই সৌন্দর্যম-িত বিলে যাওয়ার রাস্তাঘাট সংস্কার না হওয়ায় দুর্ভোগে পড়তে হচ্ছে। দর্শনীয় এই স্থানের আশপাশে থাকা-খাওয়ার ব্যবস্থা নেই। এমনকি ভালো শৌচাগারের ব্যবস্থাও নেই। ফলে শাপলার সৌন্দর্য উপভোগ করতে আশা দর্শনার্থীরা চরম দুর্ভোগে পড়েন। দর্শনাথীদের দাবি শাপলা বিলকে পর্যটনবান্ধব করার।

বরিশাল বিভাগীয় সদর থেকে সড়কপথে ৬৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে প্রত্যন্ত সাতলা বিল। বরিশাল জেলা সদর কিংবা উজিরপুর উপজেলা সদর থেকে সড়কপথে সাতলা বাজারে যেতে সড়কের দুই পাশে চোখে পড়বে বিল আর বিল। হরতা বাজারের পর থেকে সাতলা যেতে দুই দিকে বিলের বুকে তিন থেকে চার ফুট পানির ওপরে মাথ উঁচু করে দাঁড়িয়ে আছে নান্দনিক ও বর্ণিল শাপলা ফুল। আষাঢ়ের শুরুতে প্রকৃতিগতভাবে বিলে ফুটতে শুরু করে শাপলা। তবে শ্রাবণ থেকে বিলের পর বিল জুড়ে চোখে পড়বে লাল, সাদা আর নীল শাপলা। ফুলে ফুলে ছেয়ে আছে পুরো বিল।

স্থানীয়রা জানিয়েছেন, করোনার কারণে এবার মৌসুমের শুরুতে দর্শনার্থী কিছুটা কম। তারপরও প্রতিদিনই ভিড় করছেন হাজারো পর্যটক। তারা নৌকায় বিলের পানিতে ঘুরে ঘুরে শাপলা ফুলের সৌন্দর্য উপভোগ করেন। কেউ সেলফি তোলেন। কেউ আবার শাপলা তুলে নিয়ে যান। সরকারি ছুটির দিনে জমজমাট হয়ে ওঠে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি শাপলা বিল। রাতে ফুটে থাকা শাপলা ফুল রোদ ওঠার পর ধীরে ধীরে শুকিয়ে যায়। এ কারণে শাপলা ফুলের সৌন্দর্য উপভোগ করতে হলে সূর্যের আলো তীব্র হওয়ার আগে পৌঁছাতে হবে শাপলা বিলে।

দর্শনার্থী হাফিজ উদ্দিন বলেন, বরিশাল জেলায় এত সুন্দর শাপলা বিল আছে এখানে না এলে তা বুঝতে পারতাম না। তবে আশা-যাওয়ার পথে সড়কের দুর্ভোগ কমালে মানুষ সানন্দে উপভোগ করতে পারতেন। শাপলা বিলের অপার সৌন্দর্য ঘিরে সাতলায় পর্যটন কেন্দ্র গড়ে তোলা উচিত।

বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, বরিশালের সাতলা-হারতার শাপলা বিল পর্যটনের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। শাপলা বিলকে পর্যটনবান্ধব করে গড়ে তোলার জন্য পর্যটন করপোরেশনে প্রস্তাবনা পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত