কিছুদিন আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়েন নিল ম্যাকেঞ্জি। করোনাকালে পরিবার ছেড়ে দূরে থাকতে চাননি তিনি। সাবেক এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানকে অবশ্য খুব বেশি দিন বেকারও থাকতে হলো না। নিজ দেশেই নতুন চাকরি পেয়ে গেলেন তিনি।
দক্ষিণ আফ্রিকার হাই পারফরম্যান্স ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ম্যাকেঞ্জি। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। ম্যাকেঞ্জিসহ মোট সাতজনকে হাই পারফরম্যান্স ম্যানেজমেন্টে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।
৪৪ বছর বয়সী ম্যাকেঞ্জিকে হাই-পারফরম্যান্স ম্যানেজমেন্ট টিমের অংশ হিসেবে ছেলে ও মেয়েদের জাতীয় দল নিয়েও কাজ করতে হতে পারে।
দুই বছর বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন ম্যাকেঞ্জি। মূলত ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের ব্যাটিং কোচ ছিলেন তিনি। কিছুদিন লাল বলেও কাজ করেছেন টাইগারদের সঙ্গে। বাংলাদেশের ব্যাটসম্যানদের মানসিকতা বদলাতে দারুণ ভূমিকা রেখেছিলেন তিনি। ক্রিকেটারদেরও তাই প্রিয় ছিলেন।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৮ টেস্ট, ৬৪ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টি খেলেছেন ম্যাকেঞ্জি। ক্রিকেটকে বিদায়ের পর কোচিং পেশা বেছে নেন। বাংলাদেশে দায়িত্ব নেওয়ার আগে দুই দফায় তিনি কাজ করেছেন দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সঙ্গে।
