রাস্তায় ট্রাকে থাকা বাঁশ বুকে ঢুকে সাতক্ষীরার আশাশুনি থানার এক এএসআই নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরার আশাশুনি উপজেলার চাপড়া সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত এএসআই মো. শাহজামাল (৩৭) যশোরের শার্শা উপজেলার দুর্গাপুর গ্রামের সুলতান আহমেদের ছেলে।
আশাশুনি থানার ওসি গোলাম কবির বলেন, এএসআই শাহজামাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে ডিউটি শেষে বুধহাটা এলাকা থেকে থানায় ফিরছিলেন। চাপড়া সেতুর কাছে পৌঁছালে সেখানে দাঁড়িয়ে থাকা একটি বাঁশের ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় একটি বাঁশ তার পেটের ভেতর ঢুকে যায়। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাহজামালকে মৃত ঘোষণা করেন। এ সময় কনস্টেবল নাজমুছ সাহাদাত আহত হয়েছেন। বাঁশবোঝাই ট্রাকটি জব্দ এবং চালক কামাল হোসেনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।
