নগরীর বায়েজিদ ও চান্দগাঁও থানার ১৩ নাশকতার মামলায় বিএনপির ৩০ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেয়। এ ছাড়া এসব মামলায় ১৮ জনকে জামিন দিয়েছে আদালত।
২০১৮ সালে নাশকতার অভিযোগে এসব মামলা করা হয়। মামলার আসামিরা উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছিলেন। উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
মহানগর দায়রা জজ আদালতের পিপি ফখরুদ্দিন চৌধুরী বলেন, উচ্চ আদালতের নির্দেশে আসামিরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আমরা এর বিরোধিতা করি। আদালত শুনানি শেষে ৩০ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। পাশাপাশি বয়স ও অসুস্থতা বিবেচনায় ১৮ জনকে জামিন দিয়েছে। ৬ জনের বিরুদ্ধে সমন জারি করেছে।
কারাগারে পাঠানো আসামিদের মধ্যে বায়েজিদ থানা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল হারুন, যুগ্ম সম্পাদক আবসার উদ্দিনসহ যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও আছেন।
