মাদকের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সহসভাপতি এনামুল হক আরমানকে জামিন দিয়েছে হাইকোর্ট। এ মামলায় তার জামিন প্রশ্নে রুল যথাযথ ঘোষণা করে গতকাল বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ জামিনের এ আদেশ দেয়। তবে হাইকোর্ট জামিন দিলেও আরমানের বিরুদ্ধে আরও কিছু মামলা থাকায় সহসাই তিনি কারামুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে আরমানের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আলাল উদ্দিন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সরওয়ার হোসেন বাপ্পী।
আইনজীবী আলাল উদ্দিন সাংবাদিকদের বলেন, রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্ট আরমানকে জামিন দিলেও তার বিরুদ্ধে আরও মামলা থাকায় তিনি এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না।
ক্যাসিনোবিরোধী অভিযানের সময় গত বছর ৫ অক্টোবর রাতে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামে অভিযান চালিয়ে যুবলীগের আরেক বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও আরমানকে আটক করে র্যাব। তাদের ঢাকায় আনার পর অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধারের পর রমনা থানায় মামলা করা হয়। ওই মামলায় ইতিমধ্যে আদালতে অভিযোগপত্র জমা পড়েছে। এরই মধ্যে জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান আরমান।
