ফ্রেঞ্চ লিগ ওয়ান ২০২০-২১

হার দিয়ে লিগ শুরু ‘করোনা বিধ্বস্ত’ পিএসজির

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ০৪:১৭ এএম

নতুন মৌসুমে লিগের শুরুটা ভালো হলো না ফ্রান্সের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির। লিগ ওয়ানে লঁসের বিপক্ষে হেরে মৌসুম শুরু হয়েছে তাদের।

বৃহস্পতিবার প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে হেরেছে টমাস টুখেলের দল।

নেইমার, কিলিয়ান এমবাপ্পে, অ্যাঙ্গেল ডি মারিয়ার মতো তারকারা করোনায় আক্রান্ত। দলটির মোট ৭ খেলোয়াড় কভিড-১৯ পজিটিভ হয়েছেন সম্প্রতি। তারকা খেলোয়াড়দের ছাড়াই তাই মাঠে নামতে হয়েছিল পিএসজিকে।

বল দখলের লড়াইয়ে প্রতিপক্ষের চেয়ে ঢের এগিয়ে ছিল পিএসজি। ৭৮ শতাংশ বল নিজেদের দখলে রেখে খেলেও তারা কাঙ্ক্ষিত ফল পায়নি। কারণ বল দখলে এগিয়ে থাকলেও প্রতিপক্ষ শিবিরে তেমন আক্রমণই করতে পারেনি তারা।

উল্টো ম্যাচের ৫৭ মিনিটে গোলরক্ষক মার্চিন বুকার ছেলেমানুষি ভুলের খেসারত দেয় পিএসজি। হজম করে গোল। ইগনেসিয়া গানাগো গোল করে এগিয়ে দেন লঁসকে। যে গোলের সুবাদেই পরে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

পাঁচ বছর পর ফরাসি ফুটবলের শীর্ষে ফিরেছে লঁস। আর ফিরেই নিজেদের প্রথম ম্যাচ জয় দিয়ে স্মরণীয় করে রাখল। ম্যাচটিও ছিল আবার ঘরের মাঠে।

৫ হাজার দর্শক এদিন মাঠে বসে খেলা দেখার সুযোগ পেয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত