ইসরায়েলের সঙ্গে আরবদের সম্পর্ক ফিলিস্তিনিদের ‘পিঠে ছুরি মারার শামিল’

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ১০:২৯ এএম

সংযুক্ত আরব আমিরাতের পর ইসরায়েলের সঙ্গে আরেক আরব দেশ বাহরাইনের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনকে ফিলিস্তিনিদের ‘পিঠে ছুরি মারার শামিল’ বলে মন্তব্য করেছে দেশটি।

ইসরায়েলের সঙ্গে বাহরাইনের সম্পর্ক ‘স্বাভাবিক’ করবে বলে শুক্রবার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তার উপস্থিতিতে দু’দেশের মধ্যে এ সংক্রান্ত চুক্তি সই হতে পারে।

বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফা এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলার পর ট্রাম্প টুইটে এ ঘোষণা দেন।

একমাস আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয় আমিরাত। তখনই আরও আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে বলে ঘোষণা দেন ট্রাম্প।

আলজাজিরা জানায়, প্রতিক্রিয়ায় আলোচনার জন্য বাহরাইন থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানোর কথা জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) সোশ্যাল অ্যাফেয়ার্স মন্ত্রী আহমদ মাজদালানি বলেন, এ ধরনের চুক্তি ‘ফিলিস্তিনিদের অধিকারের প্রতি এবং তাদের পিঠে ছুরি মারার শামিল।’

হামাস মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, ইসরায়েলের সঙ্গে বাহরাইনের সম্পর্ক স্বাভাবিককরণ চুক্তি ‘ফিলিস্তিনিদের অধিকার আদায়ে ক্ষেত্রে মারাত্মক ক্ষতির কারণ এবং এটা (ইসরায়েলি) দখলদারিত্বকে সমর্থন করার নামান্তর।’

প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) বলছে, সম্পর্ক স্বাভাবিক করার এই ঘোষণা ‘ফিলিস্তিনিদের অধিকার আদায়ের ওপর আরেক বিশ্বাসঘাতকমূলক ছুরিকাঘাত’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত