অরুণাচল প্রদেশ থেকে ভারতের যে পাঁচজন নাগরিককে চীনের পিপল’স লিবারেশন আর্মি (পিএলএ) ‘তুলে নিয়েছিল’, তাদের ‘ফেরত দেয়া হয়েছে’ বলে জানিয়েছে দ্য অরুণাচল টাইমস। শনিবার সকালে ওই ৫ তরুণকে প্রত্যর্পণ করা হয়।
সংবাদমাধ্যমটি তাদের টুইটারে জানিয়েছে, সব আনুষ্ঠানিকতা শেষ করে ভারতীয় সেনা পাঁচজনকেই বুঝে নিয়েছে। তাদের ১৪ দিন কোয়ারেন্টাইন থাকতে হবে। এরপরে পরিবারের হাতে তুলে দেয়া হবে।
সংবাদমাধ্যমটি ৫ যুবকের নাম প্রকাশ করেছে: তনু বকর, প্রসাদ রিংলিং, নাগরু দিরি, দংতু ইবিয়া এবং তোচ সিংকাম।
চলতি মাসের শুরুতে কংগ্রেসের এক বিধায়ক দাবি করেন, আপার সুবানসিরি জেলার নাচোয় জঙ্গল থেকে যুবকদের তুলে নেয়া হয়।
নিনং ইরিং নামের ওই ভারতীয় রাজনীতিবিদ সেদিন বলেন, ‘চীনের পিপলস লিবারেশন আর্মি অরুণাচল প্রদেশের সুবানসিরি নাচো থেকে পাঁচজনকে অপহরণ করেছে। এটি এমন সময়ে ঘটেছে যখন রাজনাথ সিং রাশিয়া ও চীনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন। পিএলএ-র এই কাজ খুব ভুল বার্তা দিল।’
লাদাখ ও ডোকলামের পরে অরুণাচল প্রদেশেও চীনা সেনাবাহিনী আক্রমণ শুরু করেছে বলে দাবি কংগ্রেস বিধায়কের। তিনি বলেন, ‘চীনারা আবারও উপদ্রব শুরু করেছে। লাদাখ ও ডোকলামের মতো অরুণাচল প্রদেশেও আক্রমণ শুরু করেছে। প্রমাণিত হয়েছে যে তারা নিয়ন্ত্রণ রেখা ছাড়িয়ে আমাদের এলাকায় প্রবেশ করেছে।’