মাদকের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করে পুলিশ সদস্যদের সতর্ক করলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার আবু কালাম সিদ্দিক।
তিনি বলেছেন, পুলিশে খারাপ লোকের কোনো দরকার নেই। মাদকাসক্ত, দুর্নীতিবাজ-কারোর স্থান নেই পুলিশে। মাদক নির্মূলে কারও কোনো ধরনের ছাড় সহ্য করা হবে না। আর মাদকের সঙ্গে কোন পুলিশ সদস্যের কোনো ধরনের সংশ্লিষ্টতা পেলে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার সকালে রাজশাহী পুলিশ লাইনস মাঠে রাজশাহীতে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশ কমিশনার এসব কথা বলেন।
তিনি বলেন, পুলিশের কোনো সদস্যদের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তিকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ পাওয়া যায় তার বিরুদ্ধেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।
পুলিশ কমিশনার বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে ঢেলে সাজাতে চাই। সার্ভিস ওরিয়েন্টেড পুলিশ বাহিনী চাই। যাতে মানুষের দোরগোড়ায় পুলিশিং ব্যবস্থা পৌঁছে দিতে পারি। যাতে রাজশাহীর মানুষ নির্বিঘ্নে ও নিশ্চিন্তে চলাফেরা করতে পারেন। রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মহোদয় এ বিষয়ে আমাদের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।
রাজশাহীতে শিগগিরই সাইবার ক্রাইম ইউনিট গঠন করা হবে বলেও জানিয়েছেন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক।
নয়া পুলিশ কমিশনার বলেন, অহেতুক কোনো নাগরিককে হয়রানি করবে না পুলিশ। বিভিন্ন সময় পকেটে মাদক ঢুকিয়ে ফাঁসিয়ে দেওয়া অভিযোগ শোনা যায়। এ রকম কোনো ঘটনার প্রমাণ পেলে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এই নগরীর সুনাম আছে শান্তির শহর হিসেবে। এই সুনাম ধরে রাখতে হবে। কোনোভাবেই অপরাধীদের প্রশ্রয় দেওয়া হবে না।
অনুষ্ঠানে আরএমপির অতিরিক্ত কমিশনার সুজায়েত ইসলাম, সালমা বেগম ও উপ-কমিশনার সাজিদ হোসেন, রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
রাজশাহীর আইনশৃঙ্খলা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়ে পুলিশ কমিশনার বলেন, আপনাদের সহযোগিতাই একটি সুন্দর ও নিরাপদ সমাজ তৈরিতে ভূমিকা রাখবে। আপনারা বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে সহযোগিতা করবেন।
উল্লেখ্য, গত সপ্তাহে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেন আবু কালাম সিদ্দিক।
