করোনা মহামারির সময় ইংরেজি মাধ্যম স্কুলগুলোর উচ্চহারের টিউশন ফি কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস ফোরাম। শনিবার চট্টগ্রামের প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে এক সংবাদ সম্মেলন থেকে এই দাবি জানান অভিভাবকেরা।
সংবাদ সম্মেলনে এ ক্যাটাগরির স্কুলগুলোতে ৬০ শতাংশ, বি ক্যাটাগরির স্কুলগুলোতে ৪০ শতাংশ এবং সি ক্যাটাগরির স্কুলগুলোতে ৩০ শতাংশ টিউশন ফি কমানোর দাবি জানানো হয়।
ফোরামের সভাপতি জনাব এ. কে. এম আশরাফুল হক মহামারির সময়ে উচ্চহারের টিউশন ফি দিতে অক্ষম ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাস থেকে বঞ্চিত না করা, অ্যাডমিশন বাতিল না করা সর্বোপরি শিক্ষার অধিকার নিশ্চিত করার দাবি জানান।
বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস ফোরামের সাধারণ সম্পাদক জনাব এ. জেড. এম সালাহউদ্দিন, সহসভাপতি মনজুর সাকলায়েন, সহসভাপতি ইঞ্জিনিয়ার ফেরদৌস আজম খান, মিনহাজ আহমেদ শাফিল, যুগ্ম সা.সম্পাদক আবু ফয়সলসহ বিভিন্ন স্কুলের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
