জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা লিগ্যাল এইডের কর্মকর্তাদের ভার্চুয়াল সভা আগামী বৃহস্পতিার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।
শনিবার সংস্থাটির ওয়েবসাইটে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০-২১ অর্থবছরে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে লিগ্যাল এইড অফিসারদের ভূমিকা ও করণীয় বিষয়ে এ সভা হবে।
এতে আরও বলা হয়, প্রতিটি মন্ত্রণালয়, বিভাগ, আওতাধীন দপ্তর, সংস্থার প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহি জোরদার করা, সুশাসন সংহতকরণ এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতে রূপকল্প ২০৪১ বাস্তবায়নে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা প্রণয়ন বাস্তবায়নের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।
এরই ধারাবাহিকতায় গত ২৬ জুলাই জাতীয় আইনগত সহায়তা সংস্থার পরিচালক এবং আইন ও বিচার বিভাগের সচিবের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আলোকে কর্মপরিকল্পনা বাস্তবায়নে লিগ্যাল এইড অফিসগুলো ওতপ্রোতভাবে জড়িত।
