বিলবোর্ড বৈধ করতে দুই দিন সময় দিলেন মেয়র আতিক

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ০৪:০৭ এএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম জানিয়েছেন, করপোরেশন এলাকার সব বিলবোর্ড, সাইনবোর্ড বৈধ করতে দুই দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘রবিবার ও সোমবার দুই দিন সময় দিলাম। এর মধ্যে আপনারা এসে ট্যাক্স দিন, আপনাদের সাইনবোর্ড-বিলবোর্ড ভাঙা হবে না। ১৫ তারিখ থেকে কোনো কিছু দেখব না। অনুমোদনহীন যেই সাইনবোর্ড থাকবে যত বড় লোক হোক না কেন, যত ক্ষমতাশালী হোক না কেন তা ভেঙে ফেলা হবে।’ গতকাল শনিবার গুলশান-২-এর ৮৩ নম্বর রোডে স্থাপিত বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।

ডিএনসিসির ১৯ নস্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ, বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, আওয়ামী লীগ দলীয় সংরক্ষিত সংসদ সদস্য নাহিদ ইজহার খান, স্থপতি ইকবাল হাবিব প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত