আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সমাজের অপরাধীদের আইনের আওতায় এনে বিচার প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি নিশ্চিত করে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।
রবিবার বেলা ১১টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মো. সেলিম মিয়ার সভাপতিত্বে তিনি ভিডিও কনফারেন্সে এ কথা বলেন।
এর আগে তিনি ফরিদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নবনির্মিত ৮ তলা ভবনের উদ্বোধন করেন।
আইনমন্ত্রী বলেন, শুধু অবকাঠানোর উন্নয়ন করলেই হবে না, বিচারপ্রার্থীদের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, বর্তমান সরকার এই লক্ষ্যে কাজ করে চলছে।
বিচারক ও আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, সঠিকভাবে বিচারকার্য পরিচালনার জন্য আইনজীবী ও বিচারকদের সক্রিয় থাকতে হবে। ন্যায় বিচার নিশ্চিত করতে পারলেই কেবল জনগণ আপনাদের উপর আস্থা পাবে।
এ সময় আইনমন্ত্রী দেশের সকল পর্যায়ের আদালতের মামলার জট কমানোর উপর গুরুত্ব আরোপ করেন।
সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের এমপি মনজুর হোসেন, জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিএম নাজমুছ সাহদাত প্রমুখ।
এ সময় ভিডিও কনফারেন্সে অংশ নেন আইনমন্ত্রী আনিসুল হক ও ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরী, আইন মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার।
ফরিদপুর গণপূর্ত অধিদপ্তরে ব্যবস্থাপনায় ৫৪ কোটি ৩৯ লক্ষাধিক টাকা ব্যয়ে ৮ তলার বিশিষ্ট ভবনটি নির্মাণ করা হয়।
