রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার একটি বাড়ি থেকে লিজা (১৩) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার বেলা ১২টার দিকে বনানী থানা-পুলিশ সংবাদ পেয়ে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার ১ নম্বর রোডের একটি বাড়ির চার তলা থেকে লিজার মরদেহ উদ্ধার করে।
বাড়ির লোকজনের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, লিজা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বনানী থানার (ওসি) নুরে আজম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত লিজা ওই বাসায় গত ৩ মাস যাবৎ গৃহকর্মীর কাজ করে আসছে। গৃহকর্তার নাম দেলোয়ার হোসেন।
বাসার লোকজন পুলিশকে জানিয়েছে, লিজা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার গলায় আমরা দাগ পেয়েছি। পুলিশ ওই বাসার সার্ভেন্ট রুম থেকে লিজার শায়িত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে।
নেত্রকোনা কলমাকান্দা উপজেলা এলাকায় নিজার বাড়ি। তার বিস্তারিত জানার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
