অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় সিলেটের অন্যতম জনপ্রিয় রেস্টুরেন্ট পানসীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া পণ্যের মূল্য তালিকা না থাকায় এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করায় আরও ৪টি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় পরিচালিত অভিযানে এসব জরিমানা করা হয়। অধিদপ্তরের সিলেট বিভাগীয় সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ এই তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে রবিবার নগরের কালীঘাট ও জিন্দাবাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে জিন্দাবাজারের পানসী রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পণ্যের মূল্য তালিকা না থাকায় ইমা স্টোরকে ৫ হাজার টাকা, মদিনা ট্রেডার্সকে ৪ হাজার টাকা, ছত্তার ট্রেডার্সকে ৫ হাজার টাকা এবং অধিক মূল্যে চাল বিক্রি করায় হাজী আলাউদ্দিন অ্যান্ড সন্সকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ জানান, আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহযোগিতায় পরিচালিত অভিযানকালে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।
তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
