যেন পাড়ার ক্রিকেট! পার্কিং জোন থেকে বল কুড়িয়ে আনলেন মার্শ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫৬ এএম

করোনা পরবর্তী ‘নিউ নরমাল’ সময়ে অনেক কিছুতেই বদল এসেছে। স্বাভাবিক অনেক অভ্যাস বাদ দিতে হয়েছে মানুষকে। ক্রীড়াঙ্গনও এর বাইরে নয়। ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলা, নিত্য নতুন কত কিছুর সঙ্গে পরিচিত হচ্ছে দর্শক। এই যেমন অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যেকার সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠের বাইরে থেকে বল কুড়িয়ে আনতে দেখা গেল তারকা ক্রিকেটার মিচেল মার্শকে।

করোনার হানায় বিশ্বের প্রায় সব খেলা দীর্ঘদিন বন্ধ ছিল। লকডাউনে ঘরবন্দী ছিল গোটা বিশ্ব। অবশেষে খেলা ফিরেছে মাঠে। তবে দর্শকহীন গ্যালারিতে। দর্শক না থাকায় ক্রিকেটার, ফুটবলাররাও যেন উৎসাহ হারাচ্ছেন। কারণ দর্শকরাই খেলার প্রাণ।

দর্শকেরা মাঠে না আসায় ক্রিকেট মাঠে একটা অসুবিধাও হচ্ছে। বর্তমানে ইংল্যান্ড সফরে রয়েছে অস্ট্রেলিয়া। দুই দলের ম্যাচে নিয়মিতই দেখা যাচ্ছে বল গ্যালারিতে গেলে ক্রিকেটারদেরই সেটি আনতে হচ্ছে। অনেক সময় খোঁজা-খুঁজিও করতে হচ্ছে।

এবার দেখা গেল আরেক ছবি। অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার মিচেল মার্শকে রীতিমতো পার্কিং জোন থেকে বল কুড়িয়ে আনতে হলো। ইংল্যান্ডের স্যাম বিলিংসের ছক্কা আছড়ে পড়েছিল পার্কিং জোনে। যেহেতু দর্শকহীন স্টেডিয়াম, বল মাঠে ফেরত দেবে কে! অগত্যা যেতে হল মিচেল মার্শকে।

মাঠের বাইরে থেকে তার বল কুড়িয়ে আনার ভিডিও ভাইরাল হয়েছে মুহূর্তেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত