মালির বিরোধীদলীয় জোট প্রেসিডেন্ট ইব্রাহিম বোবাকার কেইতাকে ক্ষমতাচ্যুত করা সেনা কর্মকর্তাদের সমর্থিত অন্তর্বর্তী সরকার পরিচালনার জন্য তৈরি করা সনদ প্রত্যাখ্যান করেছে।
সামরিক জান্তা ১৮ মাস অন্তর্বর্তী সরকার পরিচালনার জন্য শনিবার একটি রোডম্যাপ অনুমোদন করেছে।
রাজনৈতিক ও সুশীল সমাজের নেতাদের সঙ্গে আলোচনার তিন দিন পর তারা এ সনদের অনুমোদন করে।
পরে দেশটির বিরোধী জোট এক বিবৃতিতে এ সনদ প্রত্যাখ্যান করেছে। গ্রুপটি গত মাসের সামরিক অভ্যুত্থানের আগে কেইতা বিরোধী ব্যাপক বিক্ষোভের নেতৃত্ব দেয়।
সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের অভিযোগ, সনদের চূড়ান্ত সংস্করণে বেসামরিক শাসনে ফিরে যাওয়ার ব্যাপারে আগের আলোচনার কোনো প্রতিফলন ঘটেনি।
বেতনভাতাসহ সরকারের নানা ‘দুর্নীতির’ প্রতিবাদে কয়েক মাস ধরে মালিতে বিক্ষোভ করছিলেন সেনারা। গত ১৮ আগস্ট নাটকীয়ভাবে হঠাৎ তারা রাজধানীর পাশের একটি শহরে জড়ো হয়ে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টকে আটক করেন।
পরদিন প্রেসিডেন্ট ইব্রাহিম বোবাকার কেইতা সংসদ ভেঙে দিয়ে প্রধানমন্ত্রীসহ পদত্যাগ করার ঘোষণা দেন। এরপর অন্তর্বর্তী সরকার নিয়ে আলোচনা চলছিল।
