জবিতে মানববন্ধন

যৌন নিপীড়ক শিক্ষককে চাকরিতে রাখার প্রতিবাদ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ০১:৫৫ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক আবদুল হালিম প্রামাণিককে চাকুরিতে বহাল রাখার প্রতিবাদ ও স্থায়ী বহিষ্কারের দাবিতে গতকাল সোমবার সকালে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। দুই ছাত্রীকে যৌন নিপীড়নের  অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় চার ধরনের শাস্তি দেওয়া হয় অভিযুক্ত শিক্ষককে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে ছাত্র ইউনিয়নসহ বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক কয়েকটি ছাত্র সংগঠন সংহতি জানিয়েছে। অভিযুক্ত শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কার করা না হলে আরও জোরদার আন্দোলন গড়ে তোলার কথা জানিয়েছেন বক্তারা।

বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক খায়রুল হাসান জাহিন ও কোষাধ্যক্ষ ফাতেমা মেঘলা। ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিন বলেন, ‘নিপীড়ক শিক্ষক আব্দুল হালিম প্রামাণিককে বহাল তবিয়তে রেখে নিপীড়কদের আরও হিংস্র হয়ে ওঠার সুযোগ তৈরি করে দিয়েছে প্রশাসন। প্রথম তদন্ত কমিটির রিপোর্টে অভিযোগ প্রমাণ হওয়ার পরও চূড়ান্ত সিদ্ধান্ত পুরো প্রক্রিয়াটিকেই প্রশ্নবিদ্ধ করেছে। এই ঘটনার সুষ্ঠু নিষ্পত্তি না হলে শিক্ষার্থীরা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবেন।’

২০১৭ সালের ফেব্রুয়ারিতে আবদুল হালিম প্রামাণিকের বিরুদ্ধে একাধিক যৌন হয়রানির অভিযোগ ওঠে। ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে ওই বছরের ২০ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয় এক চিঠিতে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তিরস্কার করে। এরপর ২০১৮ সালের এপ্রিলে সিন্ডিকেট সভায় তাকে তিরস্কার করে দুই বছরের জন্য তার পদোন্নতি পিছিয়ে দেওয়া হয়। কিন্তু নিপীড়নের শিকার ছাত্রী এ শাস্তিতে অসন্তুষ্ট জানিয়ে উপাচার্য বরাবর চিঠি দিলে ফের উচ্চতর তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত