সুশান্তের ফার্মহাউস থেকে উদ্ধার হলো হুক্কা, অ্যাশট্রেসহ একাধিক ওষুধ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ০৬:৪৯ পিএম

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মাদক সম্পৃক্ততার তদন্তে এবার প্রয়াত অভিনেতার ফার্মহাউসে তল্লাশি চালালেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর কর্মকর্তারা। লোনাভলার পাওয়ানা লেকে অবস্থিত ওই ফার্মহাউসেই পার্টি করতেন সুশান্ত, রিয়া চক্রবর্তী, রিয়ার ভাই সৌভিক এবং তাদের বন্ধুবান্ধবরা। শোনা যায়, বলিউডের অনেক তারকারাও নাকি সেখানে পার্টি করতে যেতেন। সোমবার সেখানে তল্লাশি চালিয়ে হুক্কা, অ্যাশট্রে এবং বিভিন্ন প্রকারের ওষুধ বাজেয়াপ্ত করেছেন NCB কর্মকর্তারা।

এদিকে সুশান্ত মামলায় একের পর এক গুঞ্জন শোনা যাচ্ছে। এবার শোনা গিয়েছে, মাদক কারবারিদের সঙ্গে যোগাযোগ করার জন্য নাকি মা সন্ধ্যা চক্রবর্তীর মোবাইল ব্যবহার করতেন রিয়া। সূত্রের খবর, রিয়ার ফোন এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের (ED) কর্মকর্তারা বাজেয়াপ্ত করার পর মায়ের মোবাইল দিয়েই যোগাযোগ করতেন রিয়া। NCB আধিকারিকরা তার বাড়িতে তল্লাশি চালিয়ে দ্বিতীয় ফোনটির হদিশ পেয়েছিলেন। সেই ফোনের সূত্র ধরেই মুম্বাইয়ের একের পর এক মাদক কারবারিদের হদিশ পেয়েছে NCB। যদিও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর পক্ষ থেকে এই খবরের সত্যতা স্বীকার করা হয়নি। শোনা গিয়েছে, এবার সৌভিক চক্রবর্তীর স্কুলের বন্ধু সূর্যদীপ মালহোত্রাকে জিজ্ঞাসাবাদ করছে NCB।

এরই মধ্যে সুশান্ত কাণ্ডে অভিনেত্রী সারা আলি খান ও রাকুলপ্রীত সিংকে কেন্দ্র করে নানা খবর প্রকাশ্যে আসছে। এক পক্ষের দাবি, সারার মাধ্যমেই নাকি রিয়া মাদক কারবারিদের সঙ্গে যোগাযোগ করতেন। সারা ও রাকুলপ্রীতকে জিজ্ঞাসাবাদের জন্য NCB দপ্তরেও ডেকে পাঠানো হতে পারে। যদিও NCB’র ডেপুটি ডিরেক্টর কেপিএস মালহোত্রা জানিয়ে দিয়েছেন, তাদের পক্ষে এখনো কোনোরকম ‘বলিউড লিস্ট’ তৈরি হয়নি। সবটাই অযৌক্তিক এবং ভ্রান্ত।

এদিকে সুশান্তের মৃত্যুর ঠিক তিন মাস পূর্ণ হল সোমবার। ভাইকে উৎসর্গ করে ভিডিও শেয়ার করেছেন বোন শ্বেতা সিং কীর্তি। সুশান্তকে স্মরণ করে গাছ লাগিয়েছেন প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখাণ্ডে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত