বর্ষীয়ান অভিনেত্রী ও সমাজবাদী পার্টির সংসদ সদস্য জয়া বচ্চনের পরে এবার মুখ হেমা মালিনী। প্রসঙ্গ বলিউড তারকাদের মাদকাসক্তি। তার মতে, কোনো কোনো তারকার মাদকাসক্তি পোশাকে দাগ লাগার মতো ছোটখাটো ঘটনা।
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে উঠে এসেছে হিন্দি ছবির জগতে মাদক ব্যবহার এবং তাই ঘিরে অপরাধচক্রের খবর। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব কঙ্গনা রনৌত। সোমবার সংসদে তার পক্ষ নিয়ে তদন্তের দাবি জানান অভিনেতা ও সংসদ সদস্য রবি কৃষান।
মঙ্গলবার কঙ্গনা ও রবির নাম না করেও একহাত নেন জয়া বচ্চন। বলিউডের মানহানি করার চেষ্টা চলছে বলে তাদের কার্যত অকৃতজ্ঞই বললেন।
বুধবার জয়াকে সমর্থন জানিয়ে হেমা মালিনী বলেন, “এভাবে বলিউডের ভাবমূর্তি নষ্ট করা যায় না। পোশাকে দাগ লাগার মতোই এগুলো ছোটখাটো ঘটনা, যা আমাদের ধুয়ে ফেলতে হবে।”
একই সঙ্গে বলেন, “আমি ইন্ডাস্ট্রি থেকে অনেক ভালোবাসা পেয়েছি। কেউ তার নামে কুৎসা রটালে কীভাবে চুপচাপ বসে দেখব?”
এনডিটিভি’কে বর্ষীয়ান অভিনেত্রী বলেন, “বলিউড এক সুন্দর সৃজনশীল জগৎ। সেখানে শিল্প ও সংস্কৃতির চর্চা হয়। এই শিল্পই আমাকে নাম, যশ ও খ্যাতি দিয়েছে।”
এ দিকে জয়ার মন্তব্যের জবাবে বাক্যবাণ অব্যাহত রেখেছেন কঙ্গনা রনৌত। তবে বর্ষীয়ান অভিনেত্রী পক্ষ নিয়েছেন এ প্রজন্মের অনেক তারকা।
