ফেসবুকের ভুল তথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য ব্যবস্থাপনা নীতির প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমটিতে নিজেদের অ্যাকাউন্ট বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন হলিউড তারকারা।
সিএনএন জানায়, মার্কিন রিয়্যালিটি টিভি তারকা কিম কার্দাশিয়ান ওয়েস্ট, লিওনার্দো ডিক্যাপ্রিও, জেনিফার লরেন্স, কেরি ওয়াশিংটন, সাশা ব্যারন কোহেন, অরলান্ডো ব্লুমসহ আরও অনেক তারকা এ প্রতিবাদে যুক্ত হয়েছেন।
এর মধ্যে ফেসবুক মালিকানাধীন ছবি শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের অ্যাকাউন্টও বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন কিম কার্দাশিয়ান। ইনস্টাগ্রামে কিমের অ্যাকাউন্টটি অন্যতম, অসংখ্য মানুষ তাকে অনুসরণ করে থাকে এতে।
ভুল তথ্য ও বিদ্বেষমূলক বক্তব্যের প্রতিবাদে বুধবার থেকে ফেসবুকের বিরুদ্ধে তারকাদের এ প্রতিবাদ শুরু হয়েছে।
মঙ্গলবার কিম কার্দাশিয়ান বলেন, ‘আপনার সঙ্গে ইনস্টাগ্রাম ও ফেসবুকের মাধ্যমে সরাসরি সংযুক্ত হতে আমার খুবই ভালো লাগে। কিন্তু এই প্ল্যাটফর্মগুলো যখন বিদ্বেষ, প্রোপাগান্ডা এবং ভুল তথ্য ছড়ানোর জন্য অনুমোদন দেয়, তখন চুপ করে বসে থাকতে পারি না।’
তিনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাওয়া ভুল তথ্য আমাদের নির্বাচনে গুরুতর প্রভাব ফেলে। যা আমাদের গণতন্ত্রকে খাটো করে। ফেসবুককে হ্যাশট্যাগ স্টপ হেইট ফর প্রফিট বলার জন্য আমার ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেব, দয়া করে আপনারাও আমার সঙ্গে যোগ দিন।’
এর আগে জুলাইয়ে ফেসবুকের বিরুদ্ধে বিজ্ঞাপন বয়কট ক্যাম্পেইন শুরু করে একাধিক নাগরিক অধিকার গ্রুপ। সেসময় কোকা-কোলা, নাইকি, হার্শিজ এর মতো বড় বড় প্রতিষ্ঠান তাদের ডাকে সাড়া দিয়েছিল।
সোমবার ওই ক্যাম্পেইনের পক্ষ থেকে প্রতিষ্ঠান ও তারকাদের আহবান জানানো হয় তাদের সঙ্গে প্রতিবাদে যোগ দিতে। বুধবার ২৪ ঘণ্টার জন্য অ্যাকাউন্ট বন্ধ রাখতে বলেন আয়োজকেরা।
