জাপানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ইয়োশিহিদে সুগা। গতকাল বুধবার দেশটির পার্লামেন্ট নতুন প্রধানমন্ত্রী হিসেবে তাকে নির্বাচিত করে। এর আগে তাকে ক্ষমতাসীন দলের নতুন নেতা নির্বাচিত করা হয় বলে জানিয়েছে বিবিসি।
পার্লামেন্টের নিম্নকক্ষে ৪৬২ জনের মধ্যে ৩১৪ জনই সুগাকে সমর্থন দেন। তবে পার্লামেন্টে ক্ষমতাসীন জোটের ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা থাকায় আগে থেকেই তার জয়ের ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ ছিল না।
গত আগস্টে স্বাস্থ্যগত কারণে পদত্যাগের ঘোষণা দেন জাপানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী আবে শিনজো। এরপর থেকেই তার উত্তরসূরি হিসেবে আবের ডানহাত হিসেবে পরিচিত ইয়োশিহিদে সুগার নাম শোনা যাচ্ছিল। নির্বাচিত হওয়ার পর দেশের সাধারণ মানুষ ও গ্রামীণ সম্প্রদায়ের স্বার্থ উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।
