সম্মেলনের প্রায় সাড়ে ৯ মাস পর কেন্দ্রের নির্দেশনায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি পূর্ণাঙ্গ হচ্ছে। উভয় শাখার প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটি ইতিমধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় হাইকমান্ডের হাতে পৌঁছেছে। কেন্দ্র অনুমোদন দিলেই ঘোষণা করা হবে। এদিকে পূর্ণাঙ্গ কমিটিতে কারা স্থান পাচ্ছেন এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে চলছে জল্পনা-কল্পনা। পদপ্রত্যাশী নেতারা ঢাকায় গিয়ে শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করে তদবির করছেন। সিলেটের শীর্ষ নেতারা বলেছেন, জেলা ও মহানগর উভয় শাখায় নবীন-প্রবীণের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কিছু পদে একাধিক নাম প্রস্তাব করা হয়েছে, সে ক্ষেত্রে কেন্দ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
গত বছর ৫ ডিসেম্বর সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন হয়। সম্মেলনে উভয় শাখায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৩২ জন নেতা প্রার্থী হয়েছিলেন। এর মধ্যে জেলা শাখায় সভাপতি পদে সাত ও সাধারণ সম্পাদক পদে নয় এবং মহানগর শাখায় সভাপতি পদে চার ও সাধারণ সম্পাদক পদে ১২ জন প্রার্থী ছিলেন। কিন্তু সম্মেলনে নেতৃত্ব নির্বাচনে কাউন্সিলরদের ভোটগ্রহণ না করে দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে পরামর্শ করে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উভয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। জেলা শাখায় অ্যাডভোকেট লুৎফুর রহমানকে সভাপতি ও অ্যাডভোকেট নাসির উদ্দিন খানকে সাধারণ সম্পাদক এবং মহানগরে মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিনকে সভাপতি ও অধ্যাপক জাকির হোসেনকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। সম্মেলনে মহানগর শাখার সভাপতি পদ থেকে বাদ পড়েন দীর্ঘদিন এ পদে থাকা সাবেক সিলেট সিটি মেয়র, সদ্য প্রয়াত বদরউদ্দিন আহমদ কামরান। একই সঙ্গে জেলার সাধারণ সম্পাদক, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী ও মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিনও বাদ পড়েন। অবশ্য আসাদ উদ্দিনের বড় ভাই মাসুক উদ্দিন হন মহানগরের সভাপতি। সম্মেলনের পর দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেন ওবায়দুল কাদের। কিন্তু দায়িত্বপ্রাপ্ত নেতারা পদের ভাগ-বাটোয়ারার সুরাহা করতে না পারায় কমিটি গঠন বিলম্বিত হয়। পরবর্তী সময়ে করোনা পরিস্থিতিতে পূর্ণাঙ্গ কমিটি গঠন আরও অনিশ্চিত হয়ে পড়ে। সর্বশেষ গত ২ সেপ্টেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্পাদকম-লীর সভায় দলের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিলেটসহ সারা দেশে সম্মেলন হওয়া জেলা ও মহানগরে পূর্ণাঙ্গ কমিটি ১৫ সেপ্টেম্বরের মধ্যে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেন।
কেন্দ্রের এ কড়া নির্দেশে দ্রুতই কমিটি পূর্ণাঙ্গ করেছেন সিলেট জেলা ও মহানগরের সভাপতি-সম্পাদক। এরপর বেঁধে দেওয়া সময়ের মধ্যেই গত সোমবার তারা উভয় শাখায় ৭৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দিয়েছেন।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান দেশ রূপান্তরকে বলেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী কমিটি পূর্ণাঙ্গ করে অনুমোদনের জন্য জমা দেওয়া হয়েছে। অনুমোদন পেলেই কমিটি ঘোষণা করা হবে। তিনি জানান, দীর্ঘদিন দলের জন্য যারা কাজ করেছেন তাদের মূল্যায়ন করা হয়েছে। পাশাপাশি আছে কিছু নতুন মুখও।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন, নবীন-প্রবীণের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়া হয়েছে। তিনি বলেন, পূর্ণাঙ্গ কমিটিতে ত্যাগী ও সৎ নেতারাই স্থান পেয়েছেন।
