ঢাকার ধামরাইয়ে প্রতিপক্ষের লোকজনের হামলায় এক ইউপি সদস্যসহ চারজন আহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে উপজেলার রোয়াইল ইউনিয়নের ফরিঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ইউপি সদস্যের দাবি, পূর্বশত্রুতার জেরে তাকে হত্যাচেষ্টায় এ হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলেও জানান তিনি।
হামলায় আহতরা হলেন রোয়াইল ইউপি সদস্য ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. সারোয়ার মোল্লা (৪৫), ওই এলাকার আজিজুল মোল্লা (২৩), সিরাজুল মোল্লা (১৯) ও নীলচান মোল্লা (৬০)।
লিখিত অভিযোগে বলা হয়, মঙ্গলবার রাত ৮টার দিকে একটি দাতা সংস্থার ত্রাণ বিতরণ শেষে বাড়ি ফিরছিলেন ইউপি সদস্য সারোয়ার ও তার সহযোগীরা। পথে ফরিঙ্গা গ্রামে আগে থেকে ওত পেতে থাকা ওই এলাকার পলাশ মোল্লা (৩৮), কুদ্দুস মোল্লা (৫৫), ইয়াকুব আলী মিয়া (৫৮), মীর মোহাম্মদ আলী (৫০), মিজান মোল্লা (৫৭), বকুল মোল্লা (৪০), হক মিয়া (৪২), শিমুল (৩০) অতর্কিত তাদের ওপর হামলা চালায়। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর্যুপরি কুপিয়ে হত্যার চেষ্টা চালায় সন্ত্রাসীরা। একপর্যায়ে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায়।
ধামরাই থানার এসআই মো. জসিম আহমেদ বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
