ফরিদপুরের নগরকান্দায় এক স্কুলছাত্র হত্যা মামলায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় একই দিনে স্বল্প সময়ে তিন আসামির হুবহু জবানবন্দি গ্রহণ করায় ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলামকে তলব করেছে হাইকোর্ট। আগামী ৮ অক্টোবর তাকে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ। গতকাল বুধবার এ মামলায় বিচারিক আদালতে আসামিদের জামিনের আবেদন না-মঞ্জুরের বিরুদ্ধে আপিল সংক্রান্ত শুনানিতে বিষয়টি নজরে এলে হাইকোর্টের এ স্বতঃপ্রণোদিত আদেশ আসে। আদালতে আসামিপক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট নুসরাত ইয়াসমিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।
আইনজীবী সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৮ জুন একই দিনে তিন ঘণ্টার মধ্যে ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসামিদের ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করেন। তিনজন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি হুবহু একই রকম, যা বিধিসম্মত হয়নি বলে শুনানিতে উল্লেখ করেন আসামিপক্ষের আইনজীবী। মামলার নথিপত্র অনুযায়ী, ফরিদপুরের নগরকান্দার তালমা ইউনিয়নের চরমানিকদী গ্রামের স্কুলছাত্র অন্তর ২০১৮ সালের ৭ জুন রাতে অপহরণের শিকার হয়। এ ঘটনায় তার মা অজ্ঞাতনামাদের আসামি করে একটি অপহরণ মামলা করেন।
