বন্ধুর সঙ্গে তর্কের সময় আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে দক্ষিণ নাইজেরিয়ায় ১৩ বছরের এক কিশোরকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে শরিয়াহ আদালত। শিশুদের অধিকার রক্ষার সংগঠন ইউনিসেফ এই রায়ের সমালোচনা করেছে।
সিএনএন জানিয়েছে, ওমর ফারুক নামের ওই কিশোরকে উত্তর-পশ্চিম নাইজেরিয়ার কানো স্টেটের আদালত ব্লাসফেমি আইনে সাজা দিয়েছে।
এই আদালত একই আইনে গত ১০ আগস্ট ইয়াহায়া শরীফ-আমিনু নামের আরেক ব্যক্তিকে গত ১০ আগস্ট মৃত্যুদণ্ডের সাজা দেয়।
ফারুকের আইনজীবীর দাবি, এই সাজা নাইজেরিয়ায় সংবিধানের শিশু অধিকার রক্ষার পরিপন্থী। আফ্রিকান চার্টার অব দ্য রাইটস অ্যান্ড ওয়েলফেয়ার অব চাইল্ডের শর্ত অনুযায়ী শিশুদের এভাবে সাজা দেয়া যায় না।
ওই আইনজীবী বলছেন, ‘ব্লাসফেমি নাইজেরিয়ার স্বীকৃত কোনো আইন নয়। এটা আমাদের সংবিধানের সঙ্গে বেমানান।’
ফারুকের গ্রেপ্তারের পর স্থানীয়রা বাড়িতে হামলা চালালে তার মা অন্য শহরে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
ইউনিসেফ থেকে ‘গভীর শঙ্কা’ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়েছে, ’১৩ বছরের এক শিশুর বিরুদ্ধে এমন সাজা অমানবিক।’
