না.গঞ্জে স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ০১:৩৭ এএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় নাঈম হাসান (২৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দীন এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিকে দুই লাখ টাকা জরিমানা এবং সেই টাকা আদায় করে ভুক্তভোগী পরিবারকে দেওয়ার নির্দেশ দেয় আদালত।

দণ্ডিত নাঈম আড়াইহাজার উপজেলার উজান গোবিন্দী গ্রামের আবদুর রউফ মিয়ার ছেলে। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি রকিব উদ্দিন।

বাদীপক্ষের আইনজীবী কাজী আবদুস সেলিম ও মাসুদ রানা জানান, ২০১২ সালের ৭ এপ্রিল উজান গোবিন্দী বিনাইরচর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে অস্ত্রের মুখে অপহরণ করে নাঈম। পরে রূপগঞ্জের পারাগাঁও এলাকায় নিয়ে ধর্ষণ করে অজ্ঞান অবস্থায় বাড়ির সামনে ফেলে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা নারী ও শিশু নির্যাতন আইনে আড়াইহাজার থানায় ধর্ষণ মামলা করেন।

ছাত্রীর বাবা জানান, ধর্ষণকারী ও তার পরিবার স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় ঘটনার পর আট বছর তাকে এবং তার পরিবারের সদস্যদের নানা রকম হয়রানি সহ্য করতে হয়েছে। তাদের নিরাপত্তার অভাব রয়েছে। আসামিপক্ষের আইনজীবীরা রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত