ইরানের সঙ্গে অস্ত্র বাণিজ্য করলেই নিষেধাজ্ঞা দেবেন ট্রাম্প

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ১২:০৬ পিএম

জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইরানের সঙ্গে অস্ত্র বাণিজ্য রুখতে একটি নির্বাহী আদেশ আনার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আদেশের ফলে ইরানের সঙ্গে অস্ত্র করলে মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়বে যেকোনো দেশ।

এই আদেশের সঙ্গে সম্পর্কিত চারটি সূত্র বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছে।

আগামী মাসে শেষ হতে যাচ্ছে ইরানের ওপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ইরানের সঙ্গে কোনো দেশ অস্ত্র বাণিজ্য করলে তাকে শাস্তি দেবে ওয়াশিংটন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানায়, কিছুদিনের মধ্যে নির্বাহী আদেশটি আসতে পারে। এর ফলে ইরানের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা অমান্যকারী দেশও নিষেধাজ্ঞার মুখে পড়বে যাতে মার্কিন বাজারে তাদের অবস্থান সংকুচিত হয়ে যাবে।

২০১৫ সালে জাতিসংঘের মাধ্যমে ইরানের সঙ্গে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাষ্ট্র- এ ছয় রাষ্ট্রের পরমাণু সমঝোতা হয়। এর আওতায় তেহরানের ওপর আনা অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা রয়েছে ১৮ অক্টোবর।

তবে ট্রাম্পের ঘোষণায় যুক্তরাষ্ট্র দুই বছর আগে এ পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে আসলেও দেশটি ইরানের ওপর এ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে জাতিসংঘে তৎপরতা চালায়।

চুক্তিতে সই করা অন্য দেশগুলো যুক্তরাষ্ট্রকে সমর্থন না দেয়ায় ভিন্ন পথে হাঁটছে মার্কিন সরকার।

বিশ্লেষকদের মতে, জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলে যাতে কোনো দেশ তেহরানের সঙ্গে অস্ত্র বাণিজ্য না করে সে জন্য এই নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছেন ট্রাম্প।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত