নারায়ণগঞ্জে মসজিদে পানির লাইন মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি মারা গেছেন। তার নাম মনির হোসেন। এ ঘটনায় আহত হয়েছেন মসজিদের মুয়াজ্জিন। গতকাল শুক্রবার জুমার নামাজের আগে নগরের ২ নম্বর বাবুরাইলের বায়তুল ফালাহ জামে মসজিদে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ১০টায় মসজিদের অজুখানার কাজ চলাকালে হঠাৎ পানির লাইন বন্ধ হয়ে যায়। রড দিয়ে পানির লাইন মেরামতের চেষ্টাকালে বেলা সোয়া ১১টার দিকে রডের অপরপ্রান্ত মসজিদের পাশের বৈদ্যুতিক ট্রান্সফরমারে লেগে বিদ্যুৎস্পৃৃষ্ট হন মিস্ত্রি মনির হোসেন (৫৫)। এ সময় তাকে বাঁচাতে গিয়ে মসজিদের মুয়াজ্জিন মাওলানা সোলায়মান (৩৮) আহত হন।
সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, ট্রান্সফরমারের সঙ্গে রড লেগে স্পার্ক করে ঘটনাস্থলে একজন নিহত এবং মুয়াজ্জিন আহত হয়েছেন। মুয়াজ্জিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
