পটুয়াখালীর দুমকিতে লোহালিয়া নদীর তীরবর্তী সন্তোষদি চর এলাকা থেকে মাটি কেটে নেওয়ার সময় মাটিবহনকারী দুটি ট্রলার জব্দ ও ৯ শ্রমিককে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার সকালে পুলিশ অভিযান চালিয়ে মুরাদিয়া ইউনিয়নের সন্তোষদি এলাকা থেকে মাটিভর্তি দুই ট্রলারসহ ওই শ্রমিকদের আটক করে।
আটক শ্রমিকরা অবৈধভাবে মাটি কেটে একটি ইটভাটায় সরবরাহ করে আসছিলেন বলে স্বীকার করেছেন।
দুমকি থানার এসআই কামরুল ইসলাম জানান, অবৈধভাবে মাটি কেটে নেওয়ার সময় দুটি ট্রলারসহ ৯ শ্রমিককে আটক করা হয়। আটক শ্রমিকরা হলেন আশ্রফ আলী (৩৫), শাহিন আলম (৩০), মামুন গাজী (২৫), এনামুল (২৫), হেলাল সরদার (৩০), সাহাবুদ্দিন (৩৫), সফিকুল (৩৫), মিঠুন শেখ (২৪) ও রাসেল (২০)। তারা সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাসিন্দা।
দুমকি থানার ওসি মেহেদী হাসান জানান, জব্দ করা ট্রলার দুটি স্থানীয় চৌকিদারের জিম্মায় রাখা হয়েছে। আটক শ্রমিকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করার জন্য সন্ধ্যায় থানা হাজত থেকে নেওয়া হয়েছে।
