কৃষি বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ২ অত্যাধুনিক অটোমেটেড পোলট্রি হাউস

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩২ পিএম

পোলট্রি পালন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক ব্যবহারিক জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তির সম্মিলন ঘটিয়ে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিগগিরই চালু হতে যাচ্ছে অত্যাধুনিক দুটি অটোমেটেড পোলট্রি হাউস।

প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত এ প্রকল্পটি পোলট্রি বিজ্ঞান বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা ও গবেষণা কাজে নতুন দিগন্তের সূচনা করবে বলে মনে করা হচ্ছে।

শনিবার এ উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল সভার প্রধান অতিথি হিসেবে বাকৃবির উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান বলেন, বাংলাদেশে এটি নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী উদ্যোগ, যার মধ্য দিয়ে শিল্পের সাথে শিক্ষার সেতুবন্ধ রচিত হয়েছে। দেশীয় শিল্প উদ্যোক্তারা এ ধরনের প্রকল্প নিয়ে এগিয়ে এলে দক্ষ জনবল তৈরি অনেক বেশি সহজতর হবে; সমৃদ্ধ হবে দেশীয় কৃষি, শিল্প ও অর্থনীতি।

পোলট্রি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. ইলিয়াস আলী বলেন, ২০১৭ সালে বাকৃবির পোলট্রি বিজ্ঞান বিভাগ, প্যারাগন গ্রুপ, বিপিআইসিসি, এজিসিও প্রোটিন অ্যান্ড গ্রেইন এবং পোলট্রি কনসালট্যান্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস লি. এর মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা চুক্তির মাধ্যমে প্রকল্পের কাজ শুরু হয়। ২০১৯ সালের জুলাই মাসে প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে দু’টি অটোমেটেড পোলট্রি শেডের নির্মাণকাজ সম্পন্ন হয়। সম্প্রতি প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে অতি প্রয়োজনীয় আরও কিছু ভৌত অবকাঠামো নির্মাণের কাজও সম্পন্ন হয়েছে। একটি ব্রয়লার ও একটি লেয়ার- মোট দু’টি অটোমেটেড শেডে মুরগির বাচ্চা প্রদান, ফিড সরবরাহ, চিকিৎসাসহ আগামী এক বছরের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব গ্রহণ করেছে প্যারাগন গ্রুপ।

প্যারাগন পোলট্রি লি. এর ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) সভাপতি মসিউর রহমান বলেন, আমরা চাই শিক্ষার্থীরা তত্ত্বীয় জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক শিক্ষায় সমৃদ্ধ হয়েই যেন জব মার্কেটে প্রবেশ করেন। দেশীয় পোলট্রি শিল্প এখন আর আগের অবস্থানে নেই। সরকারের সদিচ্ছায় আমরা ইতিমধ্যেই রপ্তানি বাজারে পা রাখতে শুরু করেছি। আন্তর্জাতিক পরিমণ্ডলে সুদৃঢ় অবস্থান গড়তে হলে দক্ষ ও অভিজ্ঞ জনবলের কোন বিকল্প নেই। ভবিষ্যতে ফিড মিল, ল্যাব ইত্যাদি প্রকল্প বাস্তবায়নেও প্যারাগন গ্রুপ এবং বিপিআইসিসি সাথে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন মসিউর।

বিপিআইসিসির সহসভাপতি শামসুল আরেফিন খালেদ বলেন, দক্ষ জনবলের জন্য এক সময় আমাদেরকে বিদেশের ওপর নির্ভরশীল থাকতে হতো। শিল্প উদ্যোক্তাদের সহযোগিতায় যে কার্যক্রম শুরু হলো তা থেকে সর্বোচ্চ সুবিধা পেতে পুষ্টি, স্বাস্থ্য, ব্যবস্থাপনা প্রভৃতি বিষয়ে সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবদুল জব্বার শিকদার বলেন, বৃহত্তর কৃষির উন্নয়নে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। ১৯৭৩ সালেই বঙ্গবন্ধু পাট, মাছ ও প্রাণিসম্পদ খাতের গুরুত্বের কথা তুলে ধরেছিলেন। আজ আমরা বছরে মাথাপিছু ১০৪টি ডিমের চাহিদা পূরণ করতে পেরেছি।  প্রধানমন্ত্রীর সহায়তায় করোনা মহামারিকে জয় করেই আমরা সবার জন্য পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে পারব।  

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নাথু রাম সরকার বলেন, পোলট্রি একটি বিজ্ঞান। গবেষণার কারণেই পোলট্রি আজকের অবস্থানে এসেছে। ব্রয়লার মুরগিতে ভ্যালু সংযোজন করে রপ্তানির প্রচেষ্টা চলছে। তাই বর্তমান ও ভবিষ্যতের উন্নয়নে গবেষণা ও গবেষকদের গুরুত্ব অপরিসীম।

ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি এহতেশাম বি. শাহজাহান বলেন, দেশের উন্নয়নে আরও বেশি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ হওয়া প্রয়োজন। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি আধুনিকায়নের সুপারিশ জানান শাহজাহান।

ওয়াপসা-বাংলাদেশ শাখার সিনিয়র সহসভাপতি কাজী জাহিন হাসান কিছু শর্ট কোর্স চালু করার প্রস্তাব রাখেন। অন্যদিকে ব্রিডার্স অ্যাসোসিয়েশন সভাপতি মো. রকিবুর রহমান টুটুল ইন্ডাস্ট্রি লিডারদের সাথে শিক্ষার্থীদের নিয়মিত মতবিনিময় আয়োজনের প্রস্তাব করেন।

এসিআই এগ্রি বিজনেস এর ব্যবস্থাপনা পরিচালক এবং বাকৃবির সিন্ডিকেট সদস্য ড. এফ এইচ আনসারি বলেন, দক্ষ জনবল তৈরি হলে শুধু শিল্পেরই উন্নতি হবে তা নয় বরং সেই সাথে সাধারণ তৃণমূল খামারিদেরও দক্ষতা ও উপার্জনও বাড়বে।

ভার্চুয়াল সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. জাসিম উদ্দীন খান, পশুপালন অনুষদের ডীন প্রফেসর ড. একে ফজলুল হক ভূঁইয়া, প্রফেসর ড. শওকত আলী, প্রফেসর ড. এস.ডি চৌধুরী, ওয়ার্ল্ড’স পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন- বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক ডা. আলী ইমাম, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব হাসান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পোলট্রি বিজ্ঞান বিভাগের শিক্ষকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত