ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক বেওয়ারিশ কুকুর অপসরণের প্রতিবাদে মানববন্ধন করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষক-শিক্ষার্থীরা।
রবিবার দুপুর পৌনে ১২টায় কলেজ গেট এলাকায় বিশ্ববিদ্যালয়টির অ্যানিমেল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বিশ্ববিদ্যালয়টির অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের অ্যানিমেল নিউট্রিয়েন্স, জেনেটিকস অ্যান্ড ব্রিডিং বিভাগের প্রফেসর ড. লাম ইয়া আসাদ, মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের প্রধান প্রফেসর ডা. কে বি এম সাইফুল ইসলাম, মাইক্রোবায়োলজি ও প্যারাসাইটোলজি বিভাগের চেয়ারম্যান ডা. উদয় কুমার মোহন্ত, মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের শিক্ষক ডা. দেলোয়ার হোসেন, অ্যানাটমি হিস্টোলজি অ্যান্ড ফিজিওলজি বিভাগের শিক্ষক ডা. সুজন কুমার সরকার, ফিশারিজ একোয়াকালচার অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের একোয়াকালচার বিভাগের শিক্ষক মীর মোহাম্মদ আলী, ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ভিপি মো. রাশেদুল ইসলামসহ সংগঠনটির অর্ধশত সদস্য অংশ নেন।
মানববন্ধনে ড. কে বি এম সাইফুল ইসলাম বলেন, যে প্রক্রিয়ায় কুকুর সরানো হচ্ছে এটা বৈজ্ঞানিক কোন সমাধান নয়, বৃহৎ অর্থে এই সিদ্ধান্তটি পরিবেশের ভারসাম্যের ওপর প্রভাব ফেলবে, কারণ তারা বাস্তুসংস্থানের অংশ। এমন অমানবিক ভাবে অপসরণ না করে বিষয়টির মানবিক সমাধান করা উচিত ছিল।
মানববন্ধনটির অন্যতম আয়োজক কামরুল ইসলাম বলেন, কুকুর নিধন বা অপসারণ নামে সিটি করপোরেশন একদিকে যেমন চরম অমানবিক প্রক্রিয়ার আশ্রয় নিয়েছে, অপরদিকে তা প্রচলিত আইন অবমাননার শামিল। কেননা, প্রাণী কল্যাণ আইন ২০১৯ এর সাব সেকশন-৭ অনুযায়ী কোনো নির্দিষ্ট এলাকার মালিক বিহীন বেওয়ারিশ প্রাণী নিধন কিংবা অপসারণ আইনত দণ্ডনীয় অপরাধ।
