দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দল প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি. এম কাদের বলেছেন, যারা দলকে শক্তিশালী করতে কাজ করছে, দলের প্রতি ত্যাগ আছে, গণমানুষের মাঝে গ্রহণযোগ্যতা আছে তারাই আগামী নির্বাচনে দলীয় মনোনয়নে অগ্রাধিকার পাবে।
সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নতুন প্রজন্মের সামনে আওয়ামী লীগ ও বিএনপির চেয়ে জাতীয় পার্টি অনেক বেশি গ্রহণযোগ্য। জাতীয় পার্টি সব সময় অন্যায়-অবিচারের বিপক্ষে। গণমানুষের স্বার্থ ও অধিকার সংরক্ষণই জাতীয় পার্টির রাজনীতি।
সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সিলেট বিভাগীয় অতিরিক্ত মহাসচিব এটিইউ তাজ রহমান, পার্টির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, হবিগঞ্জ জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, হবিগঞ্জ জাতীয় পার্টি নেতা আবু বকর খান, সেলিম খান প্রমুখ।
