কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচংয়ের তুতবাগান এলাকায় বাসের ধাক্কা মোটরসাইকেল আরোহী মা-মেয়ের মৃত্যু হয়েছে। দুই জন আহত হয়েছেন।
সোমবার দুপুরে এ দূর্ঘটনা ঘটে। ঘাতক বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ জানায়, সোমবার দুপুরে জেলার দেবিদ্বার থেকে মোটরসাইকেল যোগে এরশাদ মিয়া তার স্ত্রী কুলসুম (৩৬) ও কন্যা মাহিনুর (৮) ও শাহিনুর বেগম (৩) কে সঙ্গে করে কুমিল্লা আসার পথে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের তুতবাগান এলাকায় পৌঁছালে পেছন থেকে কুমিল্লা গামী নিউ জনতা পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী এরশাদ মিয়ার স্ত্রী কুলসুম ও মেয়ে শাহিনুর বেগমের মৃত্যু হয়। চালক এরশাদ মিয়া ও অপর শিশু কন্যা মাহিনুর এ সময় প্রাণে বেঁচে যান। নিহতদের বাড়ি কুমিল্লা দেবিদ্বার উপজেলার সাঁইচাপাড়া এলাকায়। দুর্ঘটনার পর চালক বাসটি ফেলে পালিয়ে যায়। ময়নামতি হাইওয়ে পুলিশ ঘাতক বাসটি আাটক করে থানায় নিয়ে আসে।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাফায়েত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।
