আশুলিয়ায় মুক্তিপণ না পেয়ে সবুজ মিয়া নামে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দুপুরে আশুলিয়ার মোজারমেইল এলাকার মহাসড়কের পাশে থেকে শিশুটির লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। এ ঘটনায় আরও এক কিশোর আহত হয়েছে। আহত জাহিদুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। সবুজ লালমনিরহাট সদর থানার কাজী কলোনি গ্রামের মিছির আলীর ছেলে।
পুলিশ জানায়, সবুজ ও জাহিদুল গ্রামের বাড়ি থেকে রাগ করে গত সোমবার রাতে আশুলিয়ায় সবুজের বোনের বাড়ির উদ্দেশে আসে। কিন্তু বাসা খুঁজে না পেয়ে তারা আশুলিয়ার মোজারমেইল বাসস্ট্যান্ডে অপেক্ষা করতে থাকে। পরে রাতে কয়েক যুবক তাদের থাকার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে নির্জন স্থানে নিয়ে বেধড়ক মারধর করে এবং পরিবারের সদস্যদের কাছে ফোন করে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।
এদিকে দুর্বৃত্তদের মারধরে সবুজ গুরুতর অসুস্থ হয়ে পড়লে গতকাল দুপুরে তাদের দুজনকে একটি ভ্যানে করে হাসপাতালের উদ্দেশে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু রাস্তায় সবুজ মারা গেলে ভ্যানচালক পালিয়ে যায়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সামিউল ইসলাম বলেন, সবুজের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া নিহত ও আহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে হত্যামামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
