হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ-যোগাযোগ বিচ্ছিন্ন

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৯ পিএম

বৈরি আবহাওয়ার সঙ্গে মুষলধারে বৃষ্টির কারণে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে ঢাকা-চট্টগ্রামসহ সারা দেশের নৌ-যোগাযোগ চার দিন ধরে বিচ্ছিন্ন রয়েছে।

এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। চিকিৎসা বা মামলার হাজিরাসহ জরুরি প্রয়োজনেও যাত্রীরা হাতিয়ার বাইরে যেতে বা দেশের বিভিন্ন স্থান থেকে হাতিয়া আসতে পারছেন না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বেড়েই চলেছে।

সোমবার থেকে হাতিয়া-ঢাকা যাত্রীবাহী লঞ্চ এবং হাতিয়া-চট্টগ্রাম যাত্রীবাহী জাহাজ ও নলচিরা-বয়ারচর চেয়ারম্যান ঘাট নৌপথে সি-ট্রাক চলাচল বন্ধ  রয়েছে।

তিন নং সতর্ক সংকেত অমান্য করে সোমবার বিকেলে একটি ট্রলার (যন্ত্রচালিত নৌকা) বয়ারচর চেয়ারম্যান ঘাট থেকে নারী ও শিশুসহ যাত্রী নিয়ে চরচেঙ্গা ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়।

ওই ট্রলারের যাত্রী সুভাষ কর্মকার জানান, যাত্রীবাহী ট্রলারটি  উত্তাল মেঘনায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে পানিতে ডুবে যাওয়ার উপক্রম হয়। এটি মাঝ নদী থেকে পুনরায় চেয়ারম্যান ঘাটে ফিরে যায়।

চট্টগ্রাম, বরিশাল, চাাঁদপুর ও ভোলাসহ অন্যান্য স্থান থেকে পণ্যবোঝাই নৌযানগুলো হাতিয়া না আসায় হাতিয়ায় চাল, ডাল, চিনি, আলু, ভোজ্যতেল ও পেঁয়াজসহ সব নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে।

বৃহস্পতিবার তমরদ্দি বাজারে গিয়ে জানা যায়, তমরদ্দিসহ হাতিয়ার বড় বাজারগুলোতে এক কেজি নিম্নমানের মোটা চাল ৪৫ টাকা, পারিসহ চিকন চাল ৫২ থেকে ৬০ টাকা, চিনি ৬০ টাকা, আলু ৪০ টাকা, পেঁয়াজ

 ৭০ টাকা, মসুরের ডাল ১১০ টাকা ও এক লিটার সয়াবিন তেল ১১০ টাকায় বিক্রি হচ্ছে। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চট্টগ্রাম কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) গোপাল চন্দ্র মজুমদার বৃহস্পতিবার সকালে জানান, নদী ও সাগরে ৩নং সতর্ক সংকেত প্রত্যাহার না হওয়া পর্যন্ত সকল নৌযান চলাচল বন্ধ থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত