অমাবস্যার প্রভাবে পটুয়াখালীর দুমকিতে পায়রা নদীর স্রোতের তোড়ে প্রায় অর্ধ কিলোমিটার পাউবো’র বেড়িবাঁধ ভেঙে পূর্ব আলগির বিস্তীর্ণ এলাকা জোয়ারে ভাসছে। জোয়ারে প্লাবিত আর ভাটায় শুকিয়ে পূর্ব-আলগগির শতাধিক পরিবারের জীবন কাটছে চরম দুর্ভোগে।
স্থানীয় সূত্র জানায়, গত রবিবার পায়রা নদীর স্রোতের চাপে লেবুখালীর মরিচার খাল থেকে পূর্ব-আলগি এলাকার প্রায় অর্ধ কি.মি পাউবোর ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে পাঙ্গাশিয়া ইউনিয়নের পূর্ব আলগি গ্রামের বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায়। সেই থেকে প্রতিদিনই ওই এলাকা জোয়ারে ভাসে আর ভাটায় শুকায়। এতে চরম দুর্ভোগের শিকার হয়েছে ভাঙন কবলিত আলগির শতাধিক পরিবারের মানুষ। গ্রামবাসীদের জীবনযাত্রা ও স্বাভাবিক চলাচলে দেখা দিয়েছে চরম দুর্ভোগ।
পাংগাশিয়ার ইউপি চেয়ারম্যান মো. আলমগীর সিকদার জানান, শুষ্ক মৌসুমে যেনতেন ভাবে সংস্কার করা বেড়িবাঁধ জোয়ারের চাপে ভেঙে তার ইউনিয়নের আলগি গ্রামের বসতবাড়ি, মাঠ, ঘাট, ফসলি জমি প্লাবিত হয়েছে। জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ায় ওই গ্রামের শতাধিক পরিবারে দুর্ভোগ দেখা দিয়েছে। দ্রুত মেরামত করা না হলে জোয়ারের পানি ওঠা-নামায় বেড়িবাঁধের ভাঙন ক্রমেই বেড়ে যাবে। মৌসুম শেষে বেড়িবাঁধের অস্তিত্ব খুঁজে পাওয়া দুষ্কর হবে।
তিনি আরও বলেন, দ্রুত মেরামত করা না হলে ওই এলাকার কৃষকেরা রোপা আমনসহ অন্যান্য ফসলের চাষাবাদ করলেও কেউ ফসল ঘরে তুলতে পারবে না। জোয়ারের পানিতে ফসল ভাসিয়ে নিয়ে যাবে। গ্রামবাসীদের দুর্ভোগ ও ফসল রক্ষার জন্য যত দ্রুত সম্ভব বেড়িবাঁধ মেরামত করা দরকার।
পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মো. ওয়ালিউজ্জামান বলেন, পায়রা নদীর ভাঙন কবলিত এলাকার বেড়িবাঁধ পরিদর্শন করে যত দ্রুত সম্ভব মেরামত করা হবে।
