দেশীয় উদ্যোক্তাদের ব্লু-ইকোনমি নিয়ে কাজ করার আহ্বান নৌ প্রতিমন্ত্রীর

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৭ পিএম

দেশীয় উদ্যোক্তাদের ব্লু-ইকোনমি নিয়ে কাজ করার প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

নৌ প্রতিমন্ত্রী বলেন, সমুদ্রসীমা বেষ্টিত হওয়ায় সুনীল অর্থনীতির (ব্লু-ইকোনমি) অপার সম্ভাবনা ও ভূরাজনৈতিক অবস্থান বিবেচনায় বাংলাদেশ পৃথিবীর বুকে একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে।

তিনি বলেন, নৌপথ ও সমুদ্র অর্থনীতি আমাদের অন্যতম শক্তিশালী উৎস হিসাবে অচিরেই আত্মপ্রকাশ করবে। সুনীল অর্থনীতি পরিপূর্ণ বাস্তবায়নে আমাদের কিছু কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। একে কাজে লাগাতে একটি সবল নীতি কাঠামো গঠন করা প্রয়োজন। এই কাজ সম্পাদনের জন্য স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার বিআইডব্লিউটিএ ভবনে ‘বিশ্ব নৌ দিবস- ২০২০’ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন নৌ প্রতিমন্ত্রী। সরকারি বাসভবন থেকে ভার্চ্যুয়াল যোগ দেন তিনি।

‘বিশ্ব নৌ দিবস- ২০২০’ উপলক্ষে নৌপরিবহন অধিদপ্তর এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) যৌথভাবে আলোচনা সভার আয়োজন করে। ‘টেকসই নৌপরিবহন টেকসই বিশ্ব’ স্লোগান প্রতিপাদ্য করে এ বছর বিশ্ব নৌ দিবস পালিত হচ্ছে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সুনীল অর্থনীতির উন্নয়নে বিনিয়োগের বেশির ভাগই আসতে হবে বেসরকারি খাত থেকে। সুনীল অর্থনীতিতে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর জন্য যথোপযুক্ত প্রণোদনা ও নিয়ন্ত্রণমূলক নীতিমালা গ্রহণ করা হবে। নতুন জ্ঞান, প্রযুক্তি ও বিনিয়োগ আনার জন্য সরাসরি বৈদেশিক বিনিয়োগের ভূমিকা বিস্তৃত করা হবে। দেশীয় উদ্যোক্তাদের ব্লু ইকোনমি নিয়ে কাজ করার প্রস্তুতি নিতে আহ্বান জানান তিনি।

নৌ প্রতিমন্ত্রী বলেন, ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও মাথাপিছু আয় বৃদ্ধি অর্থাৎ জীবনযাত্রার মানোন্নয়নে আওয়ামী লীগ সরকারের নিরলস প্রচেষ্টা অব্যাহত আছে। ২০১৯-২০ অর্থবছর শেষে দেশের মানুষের মাথাপিছু গড় আয় ২০৬৪ মার্কিন ডলারে দাঁড়িয়েছে যা বিশ্বব্যাংকের হিসাবে ১৯৭৩ সালে ছিল মাত্র ১২০ মার্কিন ডলার। আমাদের উন্নয়নকে বারবার বাধাপ্রাপ্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আমরা তা কাটিয়ে উঠছি যা দেশবাসীর কাছে দৃশ্যমান।

তিনি বলেন, স্বাধীনতার অব্যবহিত পরেই নদীমাতৃক বাংলাদেশের উন্নয়নে নৌপথকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নৌপরিবহন পরিদপ্তর গঠন করেন যা বর্তমানে অধিদপ্তরে রূপলাভ করেছে। অধিদপ্তরের কার্যক্রম আরো গতিশীল করতে নতুন নতুন পদ সৃজন করে নতুন নিয়োগবিধি প্রণয়নের কাজ চলমান আছে।

নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর এ জেড এম জালাল উদ্দিনের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখন নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম।

এ ছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী এবং বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত