পটুয়াখালীর দুমকিতে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল আদায়সহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও গ্রাহক হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
গতকাল শুক্রবার বেলা ১১টায় পল্লী বিদ্যুতের দুমকি এরিয়া অফিসের আওতাধীন কালিকাপুর-শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কে এলাকাবাসী ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য দেন মোস্তাফিজুর রহমান, সুলতান আহমেদ, আবুল হোসেন, এসএম জিয়াউল হোসেন, রাজিব হোসেন প্রমুখ।
বক্তারা পল্লী বিদ্যুতের সংযোগের নামে অতিরিক্ত টাকা আদায়, মিটার রিডিং সংগ্রহ ছাড়াই অনুমাননির্ভর অতিরিক্ত বিল করা ও আদায়সহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও গ্রাহক হয়রানির বর্ণনা করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা এসব অনিয়ম অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান।
পল্লীবিদ্যুৎ সমিতি পটুয়াখালীর এজিএম (অর্থ) বিজয় বর্মণ বলেন, জনবল সংকটের কারণে বিল তৈরি করার ক্ষেত্রে করোনাকালে গড় বিল করা হচ্ছে। অনিয়ম-দুর্নীতির ঢালাও অভিযোগ ঠিক নয়। সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
