কলমাকান্দায় পাহাড়ি ঢল ও টানা বর্ষণে আমন ধান পানির নিচে

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ০১:১৪ পিএম

গত কয়েক দিনের টানা বর্ষণে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নিম্নাঞ্চলের আমন ফসলি জমি পানির নিচে রয়েছে। পঞ্চম ধাপে বন্যার শঙ্কায় রয়েছেন উপজেলাবাসী।

গত পাঁচ দিনে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত ১৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত মঙ্গলবার সকাল থেকে থেমে থেমে টানা পাঁচদিনের ভারী বর্ষণের কারণে উপজেলার সীমান্তবর্তী গনেশ্বরী নদী, মঙ্গলেশ্বরী নদী, মহাদেও নদী, পাঁচগাও ছড়া এবং উপজেলার প্রধান নদী উব্দাখালী নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

নদীগুলোতে বিপদসীমার ১২ সে.মি. নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ফের বন্যার আশঙ্কা করা হচ্ছে।

উপজেলার কলমাকান্দা-বরুয়াকোনা ও বিশরপাশা এলজিইডির সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। কলমাকান্দা উপজেলায় চলতি মৌসুমে ১৫ হাজার ২৪০ হেক্টর জমিতে আমন ধান রোপণ করা হয়েছে। তার মধ্যে প্রায় দুই হাজার হেক্টর আমন ধানের জমি পানিতে তলিয়ে গেছে।

উপজেলার রংছাতি, খারনৈ, নাজিরপুর, কৈলাটি,কলমাকান্দা, পোগলা, লেংগুরা ও বড়খাপন ইউনিয়নের পানি বৃদ্ধির ফলে নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে আমন ধানের ব্যাপক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান এসব এলাকার কৃষকেরা।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারুক আহমেদ দেশ রূপান্তরকে বলেন, নিম্নাঞ্চলে প্রায় দুই হাজার হেক্টরের কাছাকাছি আমন ধানের জমি পানিতে তলিয়ে গেছে। বৃষ্টিপাত ও উজান পাহাড়ি ঢল অব্যাহত থাকলে আমন ধানের ব্যাপক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রংছাতি ইউনিয়নে নিম্নাঞ্চলে ক্ষতির সম্ভাবনা বেশি। গত পাঁচ দিনে আজ (শনিবার) সকাল ৬টা পর্যন্ত ১৩২ মি.মি. বৃষ্টিপাত রেকর্ডের কথা জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত