পটুয়াখালীর রাঙ্গাবালীতে রাতের আঁধারে পাওয়ার টিলার দিয়ে হাসান ভূইয়া নামে এক কৃষকের রোপা আমন ক্ষেত নষ্টের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিমনেতা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার ক্ষতিগ্রস্ত কৃষক রাঙ্গাবালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ঘটনায় জড়িত থাকার জন্য পশ্চিম নেতা গ্রামের আব্দুল কাদের ভূইয়ার ছেলে ইকবাল ভূইয়া, নান্নু ভূইয়া এবং একই এলাকার জামাল প্যাদার ছেলে হিরন প্যাদা ও বাচ্চু প্যাদা অভিযুক্ত করেন।
প্রত্যক্ষদর্শী আবুল হোসেন ধলা মিয়া জানান, বৃহস্পতিবার গভীর রাতে পাওয়ার টিলারের শব্দে ঘুম ভাঙে। ঘর থেকে বেরিয়ে দেখতে পান বাড়ির পাশেই ধানক্ষেতে টিলার দিয়ে চাষ দেয়া হচ্ছে। ওই রাতেই জমি মালিক হাসান ভূইয়াকে বিষয়টি জানানো হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক হাসান ভূইয়া জানান, মাস তিনেক আগে ক্ষেতে চাষ দিয়ে ধানের চারা রোপণ করেছি। এখন চারা বড় হয়েছে। রাতের আঁধারে পাওয়ার টিলার দিয়ে একই এলাকার ইকবাল ভূইয়া গং ৩০ শতাংশ জমির রোপা আমন ক্ষেত নষ্ট করে ফেলেছে। ইকবাল ভূইয়ার পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার সালিস বৈঠকে প্রয়োজনীয় সকল কাগজপত্র, দলিলসহ আমরা উপস্থিত হলেও ইকবাল ভূইয়া গং উপস্থিত হয়নি।
সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান জানান, জমি নিয়ে তাদের এই সমস্যা দীর্ঘ দিনের। এটা নিয়ে বহুবার সালিস করতে চেয়েছি। কিন্তু এক পক্ষ বসলে, আরেক পক্ষ বসতে চায় না। পাওয়ার টিলার দিয়ে ধান তো নষ্ট করা ঠিক হয়নি। শত্রুতা থাকলে মানুষের সঙ্গে আছে, ফসলের সঙ্গে হতে পারে না।
এ বিষয়ে কথা বলার জন্য অভিযুক্ত ইকবাল ভূইয়ার মুঠোফোনে একাধিকবার কল করলেও বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, ভুক্তভোগী কৃষকের একটি লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
