আগামী মাসে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে গ্যাব্রিয়েল জেসুসকে পাচ্ছেন না ব্রাজিল। ম্যানচেস্টার সিটি তারকা প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে ম্যাচে চোট পান। যে চোট অন্তত ৩ সপ্তাহের জন্য ছিটকে দিয়েছে তাকে।
বিশ্বকাপ বাছাইয়ে জেসুসের প্রথম দুই ম্যাচের স্কোয়াড থেকে ছিটকে যাওয়ার কথা নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন।
৯ অক্টোবর ঘরের মাঠে বলিভিয়া ও এর চার দিন পর পেরুর মাঠে খেলবে ব্রাজিল। এই দুই ম্যাচের জন্য জেসুসের বদলে জার্মান ক্লাব হার্থা বার্লিনের উইঙ্গার ম্যাথিউস কুনহাকে স্কোয়াডে নিয়েছেন ব্রাজিল।
শুধু ব্রাজিলের হয়ে ম্যাচই নয়, সিটির হয়েও একাধিক ম্যাচ মিস করবেন জেসুস। ঘরের মাঠে লেস্টার সিটির বিপক্ষে রবিবারের ম্যাচটি খেলা হচ্ছে না তার। বুধবার লিগ কাপের চতুর্থ রাউন্ডে বার্নলির বিপক্ষে থাকতে হবে মাঠের বাইরে। ৩ অক্টোবর লিডসের বিপক্ষে লিগ ম্যাচেও থাকতে হবে দর্শক হয়ে।
