জাতীয় দলের জার্সিতে এখনো অভিষেক হয়নি তার। তবে স্কোয়াডে থাকার অভিজ্ঞতা হয়েছে। আর প্রাথমিক দলে ছিলেন একাধিকবার। তাই জাতীয় দলের অনুশীলনের আবহের সঙ্গে ভালোই পরিচিত ইয়াসির আলি চৌধুরী।
শ্রীলঙ্কা সফর সামনে রেখে বর্তমানে বায়ো-সিকিউর বাবলে অনুশীলন করছে বাংলাদেশ দল। ২৭ সদস্যের স্কিল ক্যাম্পে থাকা ইয়াসির বললেন নতুন পরিবেশে অনুশীলনের অভিজ্ঞতার কথা।
শনিবার বিসিবি প্রেরিত ভিডিও বার্তায় ডানহাতি ব্যাটার বলেন, ‘করোনার কারণে অনেকদিন পর আমরা জাতীয় দলের ক্যাম্প করছি। আগেও জাতীয় দলের হয়ে অনুশীলন করেছি। তবে এটা অন্য ধরনের অনুশীলন। বায়ো-সিকিউর বাবলে মধ্যে আমরা ক্যাম্পটা করছি, নতুন অভিজ্ঞা। এই অভিজ্ঞতা আসলে খারাপ না।’
২৪ বছর বয়সী ব্যাটার বায়ো বাবল পরিবেশে অনুশীলনের অনেক ইতিবাচক দিক দেখছেন। তার মতে ‘সবাই একটু আতঙ্কিত যে বাইরে গেলে কি হবে। সংক্রমিত হব কি না...। সেই দিক থেকে আমাদের মন থেকে দূরে থাকছে যে অন্তত জৈব সুরক্ষায় ঢুকলে আমরা নিরাপদ থাকব। ঐ চিন্তা যখন মাথায় আসে, তখন সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারছি।’
৫১টি প্রথম শ্রেণির ম্যাচ,৭৩টি লিস্ট ‘এ’ ও ৩০টি টি-টোয়েন্টি ম্যাচের অভিজ্ঞতা সম্পন্ন ইয়াসির আরো বলেন, ‘আগেও জাতীয় দলের অনুশীলন করেছি। তবে এই অভিজ্ঞতা একেবারেই আলাদা। এ রকম ফ্যাসিলিটিজ, নতুন পরিবেশে প্র্যাকটিস আগে কখনো হয়নি।’
‘খুব ভালো লাগছে সবাই একসঙ্গে অনুশীলন করছি। এত দিন আলাদা প্র্যাকটিস করতাম। একা একা প্র্যাকটিসে ওই ফিলিংস আসে না যেটা টিম প্র্যাকটিসের মধ্যে থাকে। তো যেটা বলব, নতুন অভিজ্ঞতা খুবই ভালো লাগছে আমার।’
ক্রিকেটারদের এই অনুশীলনে অবশ্য তিন দিনের বিরতি দেওয়া হয়েছে। সব ঠিক থাকলে রবিবারই ক্রিকেটারদের শ্রীলঙ্কার বিমান ধরার কথা ছিল। কিন্তু শনিবার পর্যন্তও কোনো কিছু চূড়ান্ত হয়নি।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা তিন দিনের বিরতি দিয়েছি। তিন দিন পর আবার অনুশীলন চলবে। আগামী ২-৩ দিনের মধ্যে আমরা আশা করছি শ্রীলঙ্কা থেকে কিছু জানতে পারব।’
