তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার তিন বছরের মাথায় দলের সর্বভারতীয় বা কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পেলেন পশ্চিমবঙ্গের মুকুল রায়। শনিবার দলের সভাপতি জে পি নড্ডা কেন্দ্রীয় তালিকা ঘোষণা করেছেন।
মুকুলের পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকে বিজেপি কেন্দ্রীয় পদের তালিকায় নাম রয়েছে অনুপম হাজরার। ঘটনাচক্রে তিনিও দলত্যাগী তৃণমূল নেতা।
বোলপুরের প্রাক্তন এমপি অনুপম বিজেপির সর্বভারতীয় সম্পাদক পদ পেয়েছেন। দলের নতুন সর্বভারতীয় মুখপাত্রদের তালিকায় রয়েছেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। অন্যদিকে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক পদ খুইয়েছেন রাহুল সিনহা।
জানুয়ারি মাসে বিজেপির সর্বভারতীয় সভাপতি পদের দায়িত্ব নেওয়ার প্রায় আট মাস পর এ দিন কেন্দ্রীয় সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সম্পাদক, কোষাধ্যক্ষ এবং বিভিন্ন মোর্চার সভাপতিদের নাম ঘোষণা করেন নড্ডা। পূর্বসূরি অমিত শাহের কমিটির পদাধিকারিদের বেশ কিছু রদবদল করেছেন তিনি।
২০১৭-র নভেম্বরে বিজেপিতে যোগ দিয়েছিলেন মুকুল রায়। কিন্তু ২০১৮-র পঞ্চায়েত ভোট এবং ২০১৯ সালের লোকসভা ভোটে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলালেও কেন্দ্র বা রাজ্য সংগঠনের কোনো গুরুত্বপূর্ণ পদ পাননি তিনি। কেবলমাত্র বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য করে রাখা হয়েছিল তাকে। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের ‘দাপটে’ মুকুল কিছুটা কোণঠাসা বলেও জল্পনা ছিল একাংশের মধ্যে।
