কীটনাশক হাতে অনশন

মদনের সেই তরুণীকে ধর্ষণের আলামত মিলেছে

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১২:৪৩ এএম

বিয়ের দাবিতে কীটনাশক হাতে নিয়ে অনশনে বসা নেত্রকোনার মদনের সেই তরুণীর (১৯) ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত মিলেছে।

গতকাল শনিবার দুপুরে এ মামলার তদন্ত কর্মকর্তা মদন থানার এসআই আশরাউল ইসলাম দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ১০ আগস্ট নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য নমুনা দেন সেই তরুণী। সেখান থেকে ডা. জান্নাত আফরোজ নূপুরের স্বাক্ষর করা প্রতিবেদনের বরাতে তাকে ধর্ষণের আলামত মিলেছে।

জানা যায়, আট বছর আগে একটি বিয়ের অনুষ্ঠানে রুমেল ভূঁইয়ার সঙ্গে পরিচয় হয় একই ইউনিয়নের তিয়শ্রী উত্তরপাড়ার ওই মেয়ের। পরিচয়ের পর থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন মন দেওয়া-নেওয়ার পর ঈদের বেশ কিছুদিন আগে প্রেমিক রুমেলকে বিয়ের জন্য বলেন প্রেমিকা। কিন্তু প্রেমিকের পরিবার মেনে না নেওয়ায় প্রেমিকা গত কোরবানির ঈদের পরের দিন (২ আগস্ট) সকালে প্রেমিকের বাড়িতে এসে অনশন শুরু করেন এবং বিয়ে না করলে কীটনাশক পান করে আত্মহত্যা করবেন বলে হুমকি দেন। এ খবর শুনে প্রেমিক রুমেল বাড়ি থেকে পালিয়ে যান। এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং প্রেমিক রুমেল ভূঁইয়ার বাড়িতে ভিড় জমান তারা।

এর পরদিন বিকেলে মদন উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ বিয়ের আশ্বাসে প্রেমিকাকে তার পরিবারের হেফাজতে রেখে আসেন। কিন্তু পরে তিনি বিয়ের ব্যবস্থা করতে ব্যর্থ হলে ৮ আগস্ট ওই তরুণীর ভাই বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় প্রেমিক রুমেল গত ১০ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে জেলহাজতে পাঠান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত