‘নদী নেবে’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী আজ শুরু

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ০১:৩৮ এএম

নদীর রূপ-প্রকৃতি ও বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে ‘নদী নেবে’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছেন আলোকচিত্রী কাকলী প্রধান ও ইকরিমিকরি। আজ রবিবার বিকেল ৪টায় ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে এ প্রদর্শনীর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

বিশ্ব নদী দিবস-২০২০ উপলক্ষে আয়োজিত এই প্রদর্শনীর সহযোগী বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্র্তৃপক্ষ- বিআইডব্লিউটিএ। ঢাকা নদীবন্দরের পাশাপাশি একযোগে নারায়ণগঞ্জ, বরিশাল ও চাঁদপুর নদীবন্দরে প্রদর্শন হবে ১০০ নদীর উন্মুক্ত আলোকচিত্র।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকেরা জানিয়েছেন, সাধারণ মানুষের কাছে নদীর বিপন্নতা ও শিশুদের কাছে নদীর রূপ, প্রকৃতি তুলে ধরার জন্য অনেকদিন ধরে কাজ করছেন সংবাদ আলোকচিত্রী কাকলী প্রধান ও ইকরিমিকরি। এরই ধারাবাহিকতা নিয়ে কাকলী প্রধানের ১০০ নদীর উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনী শুরু হচ্ছে। প্রদর্শনীর উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি থাকবেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত