সোনাগাজীতে মাদকসেবীর ছুরিকাঘাতে ২ জন গুরতর জখম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ০২:৫৯ পিএম

সোনাগাজীতে রিমন নামে মাদকসেবীর ছুরিকাঘাতে আরমান হোসেন ও দুলাল নামে দুইজন গুরতর জখম হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি শনিবার বিকেলে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মানুমিয়ার বাজারে ঘটে।

একই দিন সন্ধ্যায় রিমনকে চরডুব্বা বাজারে গণধোলাই দিয়ে স্থানীয়রা পুলিশে সোপর্দ করে।

আহমদপুর গ্রামের স্থানীয় মসজিদের ইমাম আবুল কালামের ছেলে রিমন গত কয়েক বছর ধরে মানসিক বিকারগ্রস্ত অবস্থায় এলাকায় ঘুরাফেরা করে।

স্থানীয়দের ভাষ্যমতে, মাদক সেবনের কারণে তিনি পাগল হয়ে গেছে। ঘটনার সময় রিমন বাজারের সুমনের চা দোখানে গিয়ে বাকিতে মালামাল চান। দোকানের ক্যাশে বসা সুমনের ভাতিজা আরমান হোসেন বাকিতে মালামাল দিতে অস্বীকার করলে তিনি ক্ষিপ্ত হয়ে তাকে গলায় ছুরিকাঘাত করেন।

দোকানে অবস্থান করা দুলাল এসময় আরমানকে রক্ষা করতে গেলে রিমন তাকেও ছুরিকাঘাত করেন। তাদের চিৎকারে বাজারে অবস্থানরত মানুষজন এগিয়ে গেলে তিনি দৌড়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করে।

স্থানীয় দিদার নামে এক ব্যক্তি জানান, দুইজনকে কুপিয়ে আহত করার পর রুমন পার্শ্ববর্তী চরডুব্বা বাজারের দিকে চলে যাওয়ার সময় মাদ্রাসার এক ছাত্রকে পিটিয়ে আহত করেন। কিছুক্ষণ পর চরডুব্বা বাজারে আরো কয়েকজনকে ছুরিকাঘাতের চেষ্টা করলে এলাকার মানুষজন রিমনকে গণধোলাই দিয়ে গুরুতর আহত করে। পরে সোনাগাজী মডেল থানা পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফেনী আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে। রিমন মানসিকভাবে অসুস্থ বলে জানান তার বাবা আবুল কালাম।

সোনাগাজী থানার পরিদর্শক ( তদন্ত) আবদুর রহিম সরকার বলেন, ঘটনাস্থল থেকে রিমনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফেনী আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত