পর্যটন শিল্প বিকশিত করতে যুবসমাজকে সম্পৃক্ত করা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ০৯:১৮ পিএম

দেশের পর্যটন শিল্পকে বিকশিত করতে যুবসমাজকে সম্পৃক্ত করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

তিনি বলেন, পর্যটন শিল্পে বাংলাদেশ এক অপার সম্ভাবনার দেশ। সবুজ শ্যামল প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ এ দেশের রয়েছে পাহাড়, সাগর, নদী ও বন। আর তাই পর্যটন শিল্পের এ অমিত সম্ভাবনাকে কাজে লাগাতে দেশের দক্ষ ও প্রশিক্ষিত যুবসমাজকে সম্পৃক্ত করতে কাজ শুরু করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

প্রতিমন্ত্রী আরো বলেন, যুবদের প্রশিক্ষিত করতে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক  হোটেল ম্যানেজমেন্ট, টুরিস্ট গাইড, হাউসকিপিং, ফুড অ্যান্ড বেভারেজ,  কমিউনিকেটিভ ইংলিশ ইত্যাদি কোর্স চালু করা হয়েছে।

প্রতিমন্ত্রী আজ রবিবার বিকেলে বিশ্ব পর্যটন দিবস ২০২০ উদ্‌যাপন উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক অনলাইনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এবারের বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘পর্যটন ও গ্রামীণ উন্নয়ন’। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে দৃঢ়ভাবে এগিয়ে চলেছে। রূপকল্প বাস্তবায়নের প্রধান হাতিয়ার শক্তিশালী অর্থনীতি। বাংলাদেশের সমৃদ্ধ অর্থনীতির মূল জোগানদাতা আমাদের কৃষি, আমাদের গার্মেন্টস, এবং রেমিট্যান্স।

কিন্তু কোভিড-১৯ জনিত পরিস্থিতিতে যখন সারা বিশ্বের অর্থনীতি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত এবং জিডিপির হার ঋণাত্মক, তখন বাংলাদেশের অর্থনীতিকেও সেই ধাক্কার সামাল দেয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আর তাই বাংলাদেশকে এখনই অর্থনীতির নতুন জানালা খুঁজতে হবে এবং সেটি হতে পারে পর্যটন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথেষ্ট প্রজ্ঞার সাথে বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে চলেছেন। এ খাতে তিনি পর্যাপ্ত পরিমাণ অর্থ বরাদ্দ দিয়ে চলেছেন। যার ফলে গত বছরগুলোর তুলনায় পর্যটন খাতে বর্তমান অর্থ বরাদ্দ প্রায় দ্বিগুণ এর বেশি ।

শোভন কর্মসংস্থান নিশ্চিত করতে পর্যটনের এই বিশাল সম্ভাবনাকে কাজে লাগাতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

জুম সংলাপে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক জনাব আখতারুজ জামান খান কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন, গাজী টিভির এডিটর ইন চীফ জনাব সৈয়দ ইশতিয়াক রেজা, ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল ফর টুরিজম অ্যান্ড হসপিটালিটি এর সিইও জনাব মহিউদ্দিন হেলাল।

এ অনুষ্ঠানে দেশের সকল জেলার যুব অধিদপ্তরের উপপরিচালকগণ ভার্চুয়াল প্লাটফর্মে উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা পর্যটনকে দেশের উন্নয়নে শিল্প হিসেবে প্রতিষ্ঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত