পুরানের অবিশ্বাস্য ফিল্ডিং, শচিনের চোখে যা সর্বকালের সেরা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ০১:২৮ এএম

বাউন্ডারি লাইন পেরিয়ে যাওয়া বল শূন্যে ভেসে অবিশ্বাস্যভাবে ছক্কা বাঁচালেন নিকোলাস পুরান। রবিবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে কিংস ইলেভেন পাঞ্জাব তারকার যে ফিল্ডিংয়ে মুগ্ধ ক্রিকেট দুনিয়া।

শারজায় এদিন সঞ্জু স্যামসনের একটি ছক্কা বাঁচিয়ে সবার মন জয় করে নিয়েছেন পুরান। যাকে শুধু আইপিএলের ইতিহাসেই নয়, ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা ফিল্ডিং বলছেন কিংবদন্তি শচিন টেন্ডুলকার।

টুইটারে শচিন স্পষ্ট লেখেন, এমন সেভ তিনি জীবনে আগে কখনো দেখেননি।

শুধু শচিন নন, ধারাভাষ্য দেওয়ার সময় কেভিন পিটারসেনের প্রাথমিক প্রতিক্রিয়াও ছিল এরকমই। এটাই সর্বকালের সেরা সেভ।

ইনিংসের অষ্টম ওভারে মুরুগান অশ্বিনের তৃতীয় বলে স্যামসনের নেওয়া শট নিশ্চিতভাবেই ছক্কার ঠিকানা লেখা ছিল। পুরান বাউন্ডারির ভিতর থেকে বাইরের দিকে শূন্য শরীর ছুড়ে বলটিকে তালুবন্দী করা মাত্রই তা মাঠের মধ্যে ছুড়ে দেন।

পুরান ক্যাচ নিতে চাইলে স্যামসনের খাতায় যোগ হতো ৬ রান। ক্যারিবিয়ান তারকা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে শুধু মাত্র ছয় বাঁচানোর চেষ্টা করেন।

যদিও স্যামসন সেই বলে ২ রান সংগ্রহ করেন। তবে দলের জন্য চার রান বাঁচিয়ে দেন পুরান।

উল্লেখ্য, উইকেটকিপার হওয়া সত্ত্বেও পুরানকে এবারের আইপিএলে আউটফিল্ডের দায়িত্ব সামলাতে হচ্ছে। কারণ লোকেশ রাহুল পাঞ্জাবের উইকেটকিপিং করছেন বলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত